শেষ মুহূর্তে বাতিল সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের অনুষ্ঠানের বুকিং, বিজেপি ও আরএসএস-কে নিশানা এমএ বেবির!

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানের বুকিং বাতিল হওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে আচমকা হল বুকিং বাতিল করে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এমএ বেবি। তাঁর অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের মতো করে পরিচালনা করছে বিজেপি এবং আরএসএস।

আগামী ২২ নভেম্বর কলকাতায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা ও গবেষণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বিধাননগরের EZCC প্রেক্ষাগৃহে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। উদ্যোক্তাদের দাবি, অনুষ্ঠানের প্রায় তিন মাস আগেই নিয়ম মেনে হল বুকিং করা হয়েছিল। কিন্তু গত ১৬ নভেম্বর কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে অনিবার্য কারণ দেখিয়ে সেই বুকিং বাতিল করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানান এমএ বেবি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট অনুষ্ঠানস্থলের অনুমতি বাতিল করা বা অনুমতি না দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। বেবির অভিযোগ, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে বিজেপি ও সঙ্ঘ পরিবারের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

এই প্রসঙ্গে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের বা SRFTI-এর একটি পুরনো ঘটনার কথাও তুলে ধরেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, চলচ্চিত্রের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আরএসএস-ঘনিষ্ঠ একটি সংগঠনকে সেখানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছিল বলে দাবি করেছেন তিনি।

তবে হল বুকিং বাতিল করে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের কাজ আটকানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এমএ বেবি। তাঁর বক্তব্য, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ফাউন্ডেশনের কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না, বরং এর ফলে EZCC-র মতো প্রতিষ্ঠানের নিজস্ব সুনামই ক্ষুণ্ণ হবে।

বুকিং বাতিল হওয়ার পর অবশেষে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট তিনটি পর্যায়ে চলবে গোটা অনুষ্ঠান। প্রথম পর্যায়ে সকাল ১০টা থেকে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করবেন আট জন তরুণ গবেষক। জানা গিয়েছে, ফাউন্ডেশনের আয়োজিত প্রতিযোগিতায় দেশজুড়ে মোট ১৬৮টি গবেষণাপত্র জমা পড়েছিল, যেখান থেকে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত আটটি গবেষণাপত্র বেছে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *