অপেক্ষার অবসান! আগামী ২৭ নভেম্বরই প্রকাশ পাবে ২০২৭-এর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, বড় বিজ্ঞপ্তি সংসদের

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে এই খবর জানানো হয়েছে।
কখন এবং কীভাবে দেখা যাবে ফলাফল? সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর বিকেল ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট [https://result.wb.gov.in](https://result.wb.gov.in)-এ গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এছাড়া তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁদের ফলও একই দিনে প্রকাশ করা হবে। স্কুলগুলি নিজেদের লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সংসদের নির্দিষ্ট পোর্টাল থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ফল এবং সামগ্রিক ফলের সারসংক্ষেপ ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা ফলের কপিতে স্কুলের সিল ও প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে।
পরীক্ষা ও পরীক্ষার্থীদের পরিসংখ্যান উল্লেখ্য, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার শুরু হয়েছিল গত ২১ সেপ্টেম্বর এবং পরীক্ষা চলে ১৪ অক্টোবর পর্যন্ত। সংসদ সূত্রে খবর, এই পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন এবং ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন। রাজ্যের মোট ৮২৫টি কেন্দ্রের অধীনে ২,০১৫টি ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
উত্তরপত্র প্রকাশ ও আপত্তি জানানোর প্রক্রিয়া পরীক্ষা শেষ হওয়ার পর গত ১৬ অক্টোবর সম্ভাব্য উত্তরপত্র বা অ্যানসার-কি প্রকাশ করেছিল সংসদ। উত্তরপত্রে কোনও ভুল বা অসংগতি থাকলে তা নিয়ে আপত্তি জানানোর সুযোগও দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। গত ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে সেই আপত্তি জমা নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া শেষে এবার চূড়ান্ত ফলপ্রকাশের অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।