দিনহাটার পর এবার চ্যাংরাবান্ধা! সীমান্তে ফের আইএসআই চর সন্দেহে আটক, জেরায় কী তথ্য উঠে এল?

আইএসআই (ISI) চর সন্দেহে কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে ফেরার সময় তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সেলিম (৩০) এবং তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। বর্তমানে তাঁকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া আগাম সতর্কবার্তার ভিত্তিতেই তাঁর ওপর নজরদারি চালানো হচ্ছিল বলে খবর।
টুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ, ফেরার পথে আটক পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন সেলিম। ভারতে আসার পর তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই তাঁর ওপর কড়া নজর রাখতে শুরু করেন পুলিশকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাঁকে আটক করা হয় এবং পরে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর ভারতে আসার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তিনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আগাম তথ্যের ভিত্তিতেই বাংলাদেশে ফেরার সময় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দু’মাস আগে দিনহাটায় এসটিএফ-এর জালে চারজন চ্যাংরাবান্ধার এই ঘটনার প্রায় দু’মাস আগে আইএসআই চর সন্দেহে কোচবিহারের দিনহাটার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের নাম সইফুল হক, নুর নাসিরুদ্দিন মিয়া, মিঠু রহমান এবং রশিদুল হক। তদন্তকারীদের অভিযোগ ছিল, ভারতীয় সিমকার্ড সংগ্রহ করে সেগুলি বাংলাদেশ ও নেপালের মাধ্যমে পাকিস্তানে পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে ওই সিমকার্ডগুলি ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল। ধৃতদের মধ্যে সইফুলের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে, নুর নাসিরুদ্দিনের বাড়ি তুফানগঞ্জের চৌখুশি বলরামপুর এলাকায় এবং রশিদুলের বাড়ি দিনহাটার থরাইখানা এলাকায়; ওই মামলায় চারজনই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
সীমান্তে বাড়ছে গোয়েন্দা নজরদারি দিনহাটার ঘটনার রেশ কাটতে না কাটতেই চ্যাংরাবান্ধায় আরও এক বাংলাদেশি নাগরিককে চরবৃত্তির সন্দেহে আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত, বিদেশি নাগরিকদের গতিবিধি এবং সন্দেহজনক যোগাযোগের ওপর নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে মহম্মদ সেলিমের সঙ্গে আগের মামলায় ধৃত চারজনের কোনও যোগসূত্র রয়েছে কি না, কিংবা তিনি কোনও সংগঠিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। জেরায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর গোয়েন্দাদের।