আমার নিজের কোনও গাড়িই নেই!’ বিচারপতির ব্যক্তিগত আক্রমণের কড়া জবাব সু ভেঙ্কটেশানের, সরব বাম শিবির

সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশানকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করে তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্কে জড়ালেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন। সাংসদের ব্যক্তিগত জীবনযাত্রা ও বিলাসিতা নিয়ে বিচারপতির মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে তামিলনাড়ুর বাম শিবির। বিচারব্যবস্থার শালীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে বিচারপতি স্বামীনাথনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সিপিএম ও সিপিআই।
ঘটনার সূত্রপাত ও বিচারপতির মন্তব্য গত ১৬ নভেম্বর তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারগুলিতে বই কেনা সংক্রান্ত একটি আদালত অবমাননার মামলার শুনানি চলাকালীন সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশানকে নিশানা করেন বিচারপতি জি আর স্বামীনাথন। চেন্নাই থেকে ট্রেনে ওঠার সময় সাংসদের সঙ্গে হওয়া এক আকস্মিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, “উনি নিজেকে কমিউনিস্ট নেতা বলে দাবি করেন, অথচ দামি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়েন এবং আগাগোড়া ব্র্যান্ডেড পোশাক পরেন। বইয়ের রয়্যালটি থেকে এমন বিলাসবহুল জীবনযাপন চালানো সম্ভব কি না, তা আমার জানা নেই।”
মূলত গ্রন্থাগারে বই সরবরাহে অনিয়মের ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে সেখানে কাঞ্চি শঙ্করাচার্যের বই রাখার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি স্বামীনাথন, যার তীব্র সমালোচনা করেছিলেন ভেঙ্কটেশান। সেই সমালোচনার জবাবেই বিচারপতি এই ব্যক্তিগত আক্রমণ শানান বলে অভিযোগ উঠেছে।
সাংসদের পাল্টা জবাব এর আগে বিচারপতির ‘প্রায়শ্চিত্ত’ সংক্রান্ত মন্তব্যের বিরোধিতা করে সাংসদ ভেঙ্কটেশান বলেছিলেন, দুর্নীতি হলে আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া উচিত; অপরাধের শাস্তি দেওয়া বিচারপতিদের কাজ, আর পাপের প্রায়শ্চিত্তের বিধান দেওয়া জ্যোতিষীদের কাজ।
এরপর বিচারপতির ব্যক্তিগত আক্রমণের পরদিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পাল্টা জবাব দেন ওই বাম সাংসদ। দামি গাড়ির মালিকানার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি লেখেন, যাচাই না করা তথ্যের ভিত্তিতে এমন সমালোচনা কেবল পূর্বধারণাকেই প্রকাশ করে না, বরং তা সস্তা ব্যক্তিগত আক্রমণে পর্যবসিত হয়; ওই গাড়িটি তাঁর নয় এবং আজ পর্যন্ত তাঁর নিজের কোনও গাড়ি নেই। ট্রেনের প্রথম শ্রেণিতে যাত্রা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সাংসদ হিসেবে প্রাপ্য অধিকারের ভিত্তিতেই তিনি ওই কামরায় সফর করেন। তাঁর কথায়, প্রথম শ্রেণিতে ভ্রমণ করলেই কারও মতাদর্শ ভুল হয়ে যায় না, আবার স্লিপার ক্লাসে চড়লেই কারও সব কথা সঠিক হয়ে যায় না; একজন মানুষের সম্মান তাঁর কাজ ও আদর্শের ওপর নির্ভর করে, তিনি কী জামা পরছেন বা কোন গাড়িতে চড়ছেন তার ওপর নয়।
বাম দলগুলির ক্ষোভ ও হস্তক্ষেপের দাবি বিচারপতির এই মন্তব্যের পর আসরে নেমেছে বাম দলগুলি। সিপিএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক এম বীরপান্ডিয়ান পৃথক বিবৃতি দিয়ে বিচারপতি স্বামীনাথনের বিরুদ্ধে বিচারবিভাগীয় শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এবং মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন।
শানমুগামের অভিযোগ, এর আগেও জনসমক্ষে একাধিকবার বিতর্কিত ও বর্ণাশ্রম-ঘেঁষা মন্তব্য করেছেন বিচারপতি স্বামীনাথন। কাঞ্চি মঠের প্রধান চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর বই গ্রন্থাগারে রেখে ‘প্রায়শ্চিত্ত’ করার পরামর্শকে তিনি বর্ণাশ্রম মতাদর্শের প্রতিফলন বলে উল্লেখ করেন এবং বিচারপতির অপসারণ চেয়ে সাংসদদের জমা দেওয়া নোটিশের কথাও মনে করিয়ে দেন। অন্যদিকে, সিপিআই নেতা বীরপান্ডিয়ানের অভিযোগ, বিচারপতি স্বামীনাথন বারবার রাজনৈতিক নেতার মতো মন্তব্য করছেন এবং ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক দায়বদ্ধতা ভুলে ধর্মীয় পক্ষপাতমূলক ও কুসংস্কারাচ্ছন্ন বক্তব্য রাখছেন।