‘আপনাদের চাহিদার শেষ নেই!’ ফিকি-র মঞ্চে শিল্পপতিদের তীব্র কটাক্ষ মোদীর, বিস্ফোরক বার্তা

স্বদেশি এবং আত্মনির্ভরতা নিয়ে নিছক আলোচনার গণ্ডি ছাড়িয়ে বাস্তব দায়িত্ব নেওয়ার জন্য এবার দেশের শিল্পমহল ও কর্পোরেট নেতৃত্বকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার নয়াদিল্লির (New Delhi) ভারত মণ্ডপমে ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (FICCI)-র বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মহাত্মা গান্ধীর ১৯৩০ সালের সফরের প্রসঙ্গ টেনে মোদী বলেন, “আমার কথা মানুন চাই না মানুন, গান্ধীজির কথা তো মানুন।” পাশাপাশি, আমদানি নির্ভরতা কমিয়ে পণ্যের গুণমান বাড়ানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

কর ছাড়ের খতিয়ান ও শিল্পপতিদের প্রতি কটাক্ষ প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করা এবং ‘ইজ অফ ডুয়িং বিজনেস’-এর ওপর জোর দেওয়া। তাঁর দাবি, ২০১৪ সালে কর্পোরেট করের বেসিক হার ছিল ৩০ শতাংশ, যা কমিয়ে ২২ শতাংশে নিয়ে আসা হয়েছে। এছাড়া, বর্তমানে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হয় না বলেও উল্লেখ করেন তিনি।

এরপরই শিল্পপতিদের উদ্দেশে কটাক্ষ শানান মোদী। তাঁর কথায়, “আমি জানি, আপনারা হাততালি দেবেন না। আপনাদের ভাল করেই চিনি। কারণ আপনাদের চাহিদার শেষ নেই। যতই দেওয়া হোক, তাতেও আপনাদের পেট ভরবে না। আমি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছি। কিন্তু আপনারা কি নিজেদের কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? না, কিছুই করেননি। শুধু ভাবছেন, মোদী যা করার করুন, বাকিটা আমরা বুঝে নেব। এভাবে কি চলতে পারে?”

‘শতবর্ষ পরেও কেন একই কথা বলতে হচ্ছে?’ প্রশ্ন প্রধানমন্ত্রীর ফিকি-র মঞ্চে দাঁড়িয়ে ভারতের শিল্পমহলের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রায় ১০০ বছর আগে গান্ধী যে স্বদেশি ও আত্মনির্ভরতার আদর্শ তুলে ধরেছিলেন, আজও যদি সেই একই বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে, তবে এত বছর ধরে শিল্পজগৎ কী করেছে? ১৯৩০ সালে গান্ধীজির বার্তার সঙ্গে ভারতের আত্মনির্ভর হওয়ার দীর্ঘ সংগ্রামের তুলনা টেনে মোদী জানতে চান, এক শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও কেন তাঁকে স্বদেশি এবং দেশীয় উৎপাদনের বিষয়ে মহাত্মার বার্তা বারবার আওড়াতে হচ্ছে।

প্রধানমন্ত্রীর বার্তা ছিল স্পষ্ট— সরকারি সুযোগ-সুবিধা বা সুরক্ষার ওপর নির্ভর না করে ভারতীয় শিল্পক্ষেত্রকে দেশীয় উৎপাদন ও অর্থনৈতিক রূপান্তরের আরও বড় দায়িত্ব নিতে হবে। আগামী ২০ বছর ধরে প্রতিটি বড় ও দীর্ঘমেয়াদি লগ্নি সংক্রান্ত সিদ্ধান্তে ‘ভারত সবার আগে’ নীতি অনুসরণ করার পাশাপাশি ‘আত্মনির্ভর ভারত’-কে মূল দর্শন করার জন্য শিল্পপতিদের আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *