জটিল অস্ত্রোপচারে বাজিমাত, বাংলায় সেরা মাটিগাড়া ভেটেরিনারি পলিক্লিনিক! প্রকাশ্যে পরিকাঠামোর চরম বাস্তবতা

রাজ্যের প্রাণিস্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠার মাঝেই অনন্য নজির গড়ে বাংলায় প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ভেটেরিনারি পলিক্লিনিক। জটিল অস্ত্রোপচারে সাফল্য এবং উন্নত আনুষঙ্গিক পরিষেবার জোরেই এই রাজ্যস্তরের স্বীকৃতি মিলেছে বলে জানা গিয়েছে।

খাপরাইল মোড় সংলগ্ন ডেয়ারি কারখানা এলাকায় অবস্থিত এই পশু হাসপাতালটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে তা পশুপালকদের কাছে ভরসার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। প্রাণিসম্পদ দফতরের শিলিগুড়ির আধিকারিক তুফান মাইতি এবং হাসপাতালের চিকিৎসক চন্দন সাহার প্রচেষ্টায় বহু মুমূর্ষু গৃহপালিত প্রাণী নতুন জীবন ফিরে পেয়েছে বলে দাবি।

চিকিৎসা, রাজস্ব ও জটিল অস্ত্রোপচারে সাফল্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে এই হাসপাতালে ১৭ হাজার ৪৫৫টি প্রাণীর চিকিৎসা হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি আউটডোর টিকিট ও সরকারি পরিষেবা বাবদ বছরে ১ লক্ষ ৪ হাজার ৫৩০ টাকা আয় করে রাজস্ব আদায়ের দিক থেকেও প্রথম সারিতে জায়গা করে নিয়েছে ক্লিনিকটি। রাজ্যের হাতেগোনা কয়েকটি পশু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও মাটিগাড়ায় ইতিমধ্যে শতাধিক জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাণিসম্পদ দফতরের শিলিগুড়ির আধিকারিক তুফান মাইতি বলেন, প্রাণী হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অনেকের মনেই ভুল ধারণা রয়েছে; কিন্তু চিকিৎসক চন্দন সাহা যেভাবে যত্ন নিয়ে প্রাণীদের সুস্থ করে তুলছেন, তা তার জ্বলন্ত উদাহরণ। এই কাজের স্বীকৃতি হিসেবেই গত সোমবার কলকাতায় তাঁকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান তিনি।

সাফল্যের আড়ালে তীব্র কর্মী সঙ্কট তবে সাফল্যের এই ছবির পাশাপাশি তীব্র কর্মী সঙ্কটের বাস্তবতাও সামনে এসেছে। যে হাসপাতাল রাজ্যে সেরা নির্বাচিত হয়েছে, সেখানে চিকিৎসক মাত্র একজন এবং সহায়ক কর্মীও একজন। পুরো শিলিগুড়ি মহকুমার আটটি প্রাণী হাসপাতালের চিত্রও প্রায় একই রকম; নিয়ম অনুযায়ী ১৬ জন চিকিৎসকের জায়গায় কর্মরত রয়েছেন মাত্র ৬ জন এবং ৮০ জন কর্মীর জায়গায় কাজ করছেন অর্ধেকেরও কম কর্মী। লোকবলের অভাবে একজন চিকিৎসক বা কর্মীকে একাধিক হাসপাতালের দায়িত্ব সামলাতে হচ্ছে এবং পালা করে হাসপাতাল খোলা রাখায় পশুপালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ।

পরিকাঠামো উন্নয়নের আশ্বাস এই সাফল্য ও পরিকাঠামোগত সমস্যার বিষয়ে রাজ্যের অর্থ ও পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, পশু চিকিৎসায় এই সাফল্য আগামী দিনে চিকিৎসকদের আরও উৎসাহিত করবে এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *