কানাডায় জ্বলন্ত গাড়ির ভেতর ভারতীয় যুবকের দেহ উদ্ধার, পরিকল্পিত খুনের সন্দেহ পুলিশের

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে ২৫ বছর বয়সী তুষার শর্মা নামের এক ভারতীয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সারে শহরের বাসিন্দা এই যুবকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ল্যাংলি পুলিশ ও দমকল কর্মীরা। আগুন নেভানোর সময় জরুরি বিভাগের কর্মীরা গাড়ির ভেতর মানুষের দেহাবশেষ দেখতে পান। এরপরই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার গুরুত্ব খতিয়ে দেখে তদন্তের দায়িত্ব নিয়েছে কানাডার ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ বা আইএইচআইটি। তাদের সঙ্গে কাজ করছে ল্যাংলি আরসিএমপি, ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং বিসি করোনার্স সার্ভিস।

তদন্তকারীরা তুষার শর্মার মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন। মৃত্যুর আগে তিনি কোথায় গিয়েছিলেন এবং কার সঙ্গে তাঁর কথা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তুষার শর্মার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই এবং কানাডায় তাঁর সামাজিক বৃত্ত বা পরিচিতিও খুব সীমিত ছিল।

আইএইচআইটি-এর সার্জেন্ট ফ্রেডা ফং জানিয়েছেন, তদন্তের স্বার্থে তুষারের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁর দৈনন্দিন জীবনযাত্রা ও মৃত্যুর আগের গতিবিধি সম্পর্কে তথ্য পেতে বিদেশে থাকা আত্মীয় ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।

হত্যার পেছনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের ধারণা, তুষার শর্মাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করেই খুন করা হয়ে থাকতে পারে। তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার পেছনে কতজন জড়িত এবং কেন গাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল, সেই দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটির কিনারা করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। ওই রাতে এলাকায় কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে থাকলে বা কারও কাছে সিসিটিভি ফুটেজের মতো কোনও তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *