প্রতিপক্ষকে বসিয়ে রেখে হল ছাড়লেন কার্লসেন! বুদাপেস্টে চরম বিতর্ক, ঝলক অর্জুন-প্রজ্ঞানন্দের

বুদাপেস্টে চলা ‘টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর পাইলট’ (Total Chess World Championship Tour Pilot) ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। পরপর দু’দিন প্রতিপক্ষ বিবিশারা আসাউবায়েভাকে বোর্ডে বসিয়ে রেখে ফাস্ট ক্লাসিক ম্যাচ না খেলেই হল ছাড়ার অভিযোগ উঠেছে নরওয়ের এই গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে। কার্লসেনের এমন আচরণে ক্ষুব্ধ গোটা দাবা মহল। তবে এই বিতর্কের আবহেই টুর্নামেন্টে নিজেদের দাপট দেখিয়ে নজর কেড়েছেন ভারতের দুই তারকা দাবাড়ু অর্জুন এরিগাইসি এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ।

খিতাবের দৌড় থেকে কার্লসেন আগেই ছিটকে গিয়েছিলেন। ১৭ থেকে ২০ নম্বর স্থানের লড়াইয়ে মঙ্গল ও বুধবার ব্লিৎজ এবং র‍্যাপিড গেমে শক্তিশালী লিড নেওয়ার পরই ৮ পয়েন্টের ফাস্ট ক্লাসিক ম্যাচ ছেড়ে দেন তিনি। তিনি আরবিটারকে জানিয়ে বেরিয়ে গেলেও প্রতিপক্ষকে কিছুই জানাননি বলে খবর। প্রথম দিন ১১.৫-৮.৫ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় দিন ১০-১০ স্কোরে ড্র করে পরের রাউন্ডে ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিত করেন কার্লসেন।

কার্লসেনের যুক্তি, ম্যাচের ফয়সালা হয়ে যাওয়ার পর অর্থহীন ক্লাসিক্যাল গেম খেলার কোনো মানে হয় না। কিন্তু সমালোচকদের দাবি ভিন্ন। তাঁদের মতে, ২০০৯ সালের পর এই প্রথম ২৮০০ এলো রেটিংয়ের নিচে নেমে যাওয়ার আশঙ্কা থেকেই এমন কৌশল নিয়েছেন তিনি। কারণ ফাস্ট ক্লাসিক ম্যাচ ড্র বা হারলে রেটিংয়ে বড় ধাক্কা লাগার সম্ভাবনা ছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার হান্স নিম্যান (Hans Niemann)। ফিডে-র সিইও উপদেষ্টা এমিল সুতোভস্কি এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে মন্তব্য করেছেন। ভারতীয় অলিম্পিয়াড অধিনায়ক শ্রীনাথ নারায়ণনও কটাক্ষ করে জানিয়েছেন, রেটিংয়ের অনেক আগেই মর্যাদা ও সৌজন্যবোধের পতন ঘটেছে। অন্যদিকে টোটাল চেসের সিইও কেজেল ম্যাডল্যান্ড জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ মাসে মূল প্রতিযোগিতা শুরুর আগে এই পাইলট আসর থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে নিয়মকানুন খতিয়ে দেখা হবে।

বিতর্কের মাঝে ভারতীয় শিবিরে এসেছে স্বস্তির খবর। নবম থেকে দ্বাদশ স্থানের লড়াইয়ে জর্ডান ভ্যান ফরেস্টকে আর্মাগেডন টাইব্রেকারে হারিয়েছেন অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi)। প্রথম দিন ১১.৫-৮.৫ ব্যবধানে জিতলেও দ্বিতীয় দিন ৮-১২ ব্যবধানে হেরেছিলেন অর্জুন। টাইব্রেকারে কালো ঘুঁটি নিয়ে ভালো অবস্থানে থাকলেও ৩৪ নম্বর চালে ভুল করে বসেন ফরেস্ট। নবম স্থানের লড়াইয়ে এবার অর্জুনের প্রতিপক্ষ হাইক মার্তিরোসিয়ান।

অন্যদিকে উজবেকিস্তানের নদিরবেক আবদুসাত্তোরভকে হারিয়ে ২১তম স্থানের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। পিছিয়ে পড়েও ফাস্ট ক্লাসিক ম্যাচ জিতে ১১.৫-৮.৫ ব্যবধানে জয় তুলে নেন তিনি। এই জয়ের ফলে নিজের দিদি আর বৈশালীর (R Vaishali) মুখোমুখি হওয়া এড়িয়েছেন প্রজ্ঞানন্দ। অভিমন্যু মিশ্রর কাছে বৈশালী হেরে যাওয়ায়, প্রজ্ঞানন্দ হারলে ২৩-২৪তম স্থানের ম্যাচে ভাই-বোনের লড়াই হতো। প্রজ্ঞানন্দ জানিয়েছেন, জেতার আনন্দের চেয়ে দিদির বিরুদ্ধে খেলতে না হওয়ার স্বস্তিটাই তাঁর কাছে বেশি। এদিকে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন অনীশ গिरी এবং আলিরেজা ফিরৌজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *