৩৪০ কলেজে সঙ্ঘ ও এবিভিপি সদস্য পাঠাল রাজ্য! পুরনো পথেই কি হাঁটছে শিক্ষাক্ষেত্র?

রাজ্যের ৩৪০টি কলেজে পরিচালন সমিতির সদস্য মনোনীত করল রাজ্য সরকার। অভিযোগ ও সূত্রের খবর অনুযায়ী, অধিকাংশ কলেজের গভর্নিং বডিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের নাম প্রস্তাব করা হয়েছে। প্রতিটি কলেজে দু’জন করে সরকারি মনোনীত সদস্য নির্বাচন করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অতীতে তৃণমূল জমানায় কলেজের পরিচালন সমিতিতে সরকারি প্রতিনিধি হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতাদের দেখা যেত। পালাবদলের পরও রাজ্যের কলেজগুলিতে রাজনৈতিক প্রভাব ও একই ধারার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর আগেও বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে বিজেপি নেতাদের বসানো নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল।

কারা রয়েছেন তালিকায়?

মনোনীতদের তালিকায় একাধিক পরিচিত রাজনৈতিক ও ছাত্র সংগঠনের মুখের নাম উঠে এসেছে:

  • সীতানন্দ কলেজ (পূর্ব মেদিনীপুর): এবিভিপি-র তমলুক প্রমুখ এবং সঙ্ঘ সদস্য সায়ন পণ্ডাকে নমিনি করা হয়েছে।

  • গোবরডাঙা হিন্দু কলেজ (গাইঘাটা): সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুব বিজেপির মুখপাত্র অচিন্ত্য মণ্ডল।

  • ভৈরব গাঙ্গুলি কলেজ: সরকারি নমিনি হিসেবে জায়গা পেয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।

  • মালদা কলেজ: দায়িত্বে রয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস।

  • খড়্গপুর কলেজ: মনোনীত হয়েছেন যুব বিজেপির কনভেনর সৌরীন গোস্বামী।

  • ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয় (বাঁকুড়া): সদস্য হিসেবে নাম রয়েছে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখোপাধ্যায়ের।

  • পাঁচমুড়া মহাবিদ্যালয়: মনোনীত হয়েছেন এবিভিপি-র দক্ষিণবঙ্গ সহ-সম্পাদক প্রণব কুসুম মাহাতো।

  • স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়: এবিভিপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রমুখ বাণীব্রত চট্টোপাধ্যায়কে জায়গা দেওয়া হয়েছে।

সৃজন ভট্টাচার্যের কড়া প্রতিক্রিয়া

কলেজের পরিচালন সমিতিতে এভাবে রাজনৈতিক ও সঙ্ঘ ঘনিষ্ঠদের মনোনীত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপি সরকার আরএসএস-এর লোকজনকে কলেজের গভর্নিং বডিতে বসিয়ে দিচ্ছে। এবিভিপি-র লোকজন, নিজেদের লোকদের কলেজের পরিচালন সমিতিতে বসাচ্ছে। আমি জানি না এই জায়গায় বসার কী নৈতিক অধিকার এঁদের রয়েছে। বইয়ের সঙ্গে দূর-দূর পর্যন্ত বিজেপির লোকজনের সম্পর্ক নেই। অথচ এঁরাই একসময় অনিলায়ন বলে অভিযোগ তুলতেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *