বিছানায় শুয়ে ফিসফিসিয়ে প্রেম নিবেদন জীতুর, সৃজলার সাফ ‘না’! বিগ বস বাংলায় কি তবে ভাঙল জীতুর মন?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন রোমান্সের হাওয়া বইছে, নাকি সবটাই শুধু একতরফা আবেগের টানাপোড়েন? জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহ (Srijla Guha)-র রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। এর আগেও একবার ক্যামেরার সামনে সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছিলেন জীতু। তখন হাসিমুখে বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন সৃজলা। কিন্তু জীতু সহজে হাল ছাড়ার পাত্র নন। এবার একেবারে পাশাপাশি বিছানায় শুয়ে ফের মনের কথা খুলে বললেন তিনি।
ঘরের ভেতর রাজবীর এবং বাকি প্রতিযোগীদের সঙ্গে তর্কাতর্কির পর মন বেশ খারাপ ছিল সৃজলার। নিজের বিছানায় একাই শুয়ে ছিলেন তিনি। ঠিক সেই সময় সৃজলার মন ভালো করার অজুহাতে কাছে আসেন জীতু। পাশের বিছানায় শুয়ে চুপিচুপি বলে ওঠেন সেই বহুল চর্চিত তিন শব্দ, ‘আই লাভ ইউ’। শুধু বলেই থেমে থাকেননি, সৃজলার কাছ থেকে সরাসরি জবাব আদায়ে উঠেপড়ে লাগেন জীতু। স্পষ্ট জানিয়ে দেন, ‘হ্যাঁ’ কিংবা ‘না’—যেকোনো একটি উত্তর দিতেই হবে।
আর তাতেই তৈরি হয় নতুন নাটকীয়তা। জীতুর এমন সরাসরি প্রশ্নের মুখে সৃজলার উত্তর ছিল একদম পরিষ্কার—’না’। অর্থাৎ, জীতুকে আপাতত বন্ধুর বেশি কিছু হিসেবে দেখছেন না, সে কথা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। তবে এই দুজনের সম্পর্ক নিয়ে চর্চা এখানেই থামছে না। একটি টাস্ক বা খেলার শেষে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। ক্ষোভে-অভিমানে কথা বন্ধ করার সিদ্ধান্তও নেন তাঁরা।
কিন্তু রাতের খাবার টেবিলে গিয়ে বদলে যায় পুরো ছবিটা। সকালের রাগ আর অভিমান যেন মুহূর্তেই উধাও হয়ে যায়। নিজের হাতে সৃজলাকে খাইয়ে দিতে দেখা যায় জীতুকে। তাঁদের এই খুনসুটি আর মান-অভিমান শেষ পর্যন্ত ভালোবাসার সম্পর্কে গড়ায়, নাকি কেবল বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকে, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
এদিকে ভালোবাসা আর মান-অভিমানের পাশাপাশি ঘরে চলছে ফাইনালের জোর লড়াই। এই সপ্তাহেই আসতে চলেছে ‘টিকিট টু ফিনালে’। এর ফলে চলতি সিজনের প্রথম ফাইনালিস্টকে খুঁজে পাবেন দর্শকরা। তবে এই বিশেষ দৌড় থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন রণিতা দাস এবং তনুশ্রী রায় দাস। শুধু তাই নয়, এই সপ্তাহে নমিনেশনের খাঁড়াও ঝুলছে তাঁদের দুজনের ওপর।