এটা মারামারির লড়াই নয়, সৃষ্টির প্রতিযোগিতা!’ কাটোয়ার কার্তিক পুজোকে ঘিরে কেন এমন উন্মাদনা?

সময়টা আজ থেকে কয়েক শতাব্দী আগের। একদিকে ভাগীরথীর শান্ত জলপথ, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যের রমরমা—সব মিলিয়ে কাটোয়া তখন নিছক কোনো সাধারণ জনপদ ছিল না, বরং বিত্তশালী মানুষের আনাগোনায় এক জমজমাট শহর। সেই প্রাচীন কাটোয়ার সমাজেই মাথা তুলেছিল একসময়কার আভিজাত বাবু সম্প্রদায়। আর সেই আভিজাত্যেরই এক অভিনব ও রঙিন অধ্যায় জুড়ে ছিল বারবনিতাদের জীবন। কথিত আছে, তাঁদের হাত ধরেই একসময় কাটোয়ায় প্রথম কার্তিক পুজোর প্রচলন হয়েছিল। পুত্রসন্তানের কামনায় তাঁরা দেবসেনাপতির আরাধনা করতেন, আর সেই পুজোয় মুক্তহস্তে অর্থসাহায্য করতেন তৎকালীন বিত্তবান বাবুরা। কে কত জাঁকজমক করে পুজোর আয়োজন করতে পারে এবং কার পুজো মানুষের বেশি নজর কাড়তে পারে, তা নিয়ে শুরু হয় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার গর্ভেই জন্ম নেয় কাটোয়ার বিখ্যাত ও ঐতিহ্যমণ্ডিত ‘কার্তিক লড়াই’-এর ইতিহাস।
থাকা কার্তিক ও ঐতিহ্যের নানা বাঁক
তবে এই উৎসবের শেকড় কেবল বাবুদের আভিজাত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ইতিহাসে জড়িয়ে রয়েছে আরও এক অনন্য অধ্যায়। তাঁতি সম্প্রদায়ের হাত ধরে কাটোয়ায় প্রচলিত হয়েছিল ঐতিহ্যবাহী ‘থাকা কার্তিক’। বাঁশের তৈরি ধাপে ধাপে সাজানো আকর্ষণীয় কাঠামোর ওপর ছোট ছোট মাটির পুতুল সাজিয়ে ফুটিয়ে তোলা হতো পুরাণের নানা রোমাঞ্চকর কাহিনি। কেবল দেব আরাধনা নয়, মাটির তৈরি সেই পুতুলগুলির মাধ্যমেই যেন জীবন্ত হয়ে উঠত একেকটি পৌরাণিক গল্প।
অন্যদিকে, তৎকালীন জমিদারদের মধ্যে নিজেদের প্রতিমা রাজকীয় কায়দায় শোভাযাত্রায় নিয়ে যাওয়ার লড়াই এবং শোভাযাত্রার ফাঁকে লেঠেলদের জমজমাট লাঠিখেলা—এই সমস্ত ঘটনার হাত ধরেই আজকের কার্তিক লড়াই তার বর্তমান রূপ পেয়েছে। ঠিক কোন ঐতিহাসিক মুহূর্ত থেকে এই নামের জন্ম হয়েছে, তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রতিযোগিতার যে অদম্য স্পৃহা এই উৎসবের মূল প্রাণভ্রমরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
পুরনো দিনের আভিজাত্য বনাম আধুনিক থিম
সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বদলেছে, মানুষের জীবনযাত্রার মান ও রুচিরও পরিবর্তন ঘটেছে। বাবুদের আমলের সেই একচ্ছত্র আভিজাত্যের জায়গা আজ দখল করেছে আধুনিক পুজো কমিটিগুলির যৌথ উদ্যোগ। পুরনো দিনের সাদামাটা আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, নান্দনিক প্রতিমা এবং বর্ণময় জমকালো শোভাযাত্রা। তা সত্ত্বেও কার্তিককে ঘিরে থাকা সেই প্রতিযোগিতার উন্মাদনা ও আবেগ আজও কাটোয়ার প্রতি কোণায় সমানভাবে বেঁচে রয়েছে। এখানকার মানুষের কাছে কার্তিক পুজো নিছক কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং গোটা শহরের নিজস্ব এক স্বতন্ত্র পরিচিতি। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্নমে অবিরত বয়ে চলা এই ঐতিহ্যের অপেক্ষায় পুরো বছর অধীর আগ্রহে দিন গোনে কাটোয়াবাসী।
বিদ্যাসাগর সংঘের কর্মকর্তা অভিজিৎ পোদ্দার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছেন যে, এই লড়াই আদতে কোনো হিংস্র সংঘর্ষ নয়, বরং সম্পূর্ণভাবে সৃষ্টিশীলতার এক সুস্থ প্রতিযোগিতা। তাঁর কথায়, “কাটোয়ার কার্তিক লড়াই নামের মধ্যেই এক বিশেষ আকর্ষণ লুকিয়ে আছে। তবে একে কোনো মারামারি বা বিবাদের সঙ্গে মেলালে ভুল হবে। কোন ক্লাব কত সুন্দরভাবে নিজেদের আয়োজন মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারল, সেটাই আসল কথা। বাজনা, প্যান্ডেল, আলোর রোশনাই—সব মিলিয়ে দর্শকদের মন জয় করার এক দুর্দান্ত লড়াই চলে।”
একই সুর শোনা গেল স্থানীয় বাসিন্দা মলয় কুমার ঘোষের গলাতেও। তাঁর কাছে কার্তিক পুজো মানেই শহরের নিজস্ব এক মহা উৎসব। পুরনো কাটোয়ার থাকা কার্তিকের ঐতিহ্য, যেখানে গন্ধাসুর বধ পালা, কাত্যায়নী ও কার্তিক, অভিমন্যু বধ, বকাসুর বধ কিংবা দক্ষযজ্ঞের মতো পৌরাণিক কাহিনি জীবন্ত হয়ে ওঠে, তা আজও সমানভাবে মন্ত্রমুগ্ধ করে রাখে। এর বিপরীতে নতুন কাটোয়ার পুজোয় জায়গা করে নিয়েছে তাক লাগানো থিম, বিশাল আকারের মণ্ডপ এবং আধুনিক ভাবনার ছোঁয়া। ইউনিক ক্লাব, দেশবন্ধু ক্লাব, জনকল্যাণ ক্লাব, বিদ্যাসাগর সংঘ থেকে শুরু করে ঝঙ্কার, খড়ের বাজারের অগ্নি সংঘ কিংবা পুরাতন বাজারের মতো পুজো কমিটিগুলির প্রতিযোগিতাই এই উৎসবকে অন্য উচ্চতায় নিয়ে যায়।
চাঙ্গা হয় স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যের ছবি
কার্তিকের এই পুজো কেবল মণ্ডপ বা শোভাযাত্রার গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাবে কয়েকদিনের জন্য আমূল বদলে যায় কাটোয়ার সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের ছবিও। দূরদূরান্ত থেকে নামী সব বাজনা ও তাসার দলকে বহু আগে থেকেই বুকিং করে রাখতে হয়। পাশাপাশি হরেক রকমের খাবারের দোকান, চপের দোকান, অস্থায়ী স্টল এবং ছোট ব্যবসায়ীদের জন্য এই উৎসব নিয়ে আসে বাড়তি উপার্জনের সুবর্ণ সুযোগ। বিকেল গড়াতেই শহরের রাজপথগুলিতে মানুষের ঢল নামে। কলকাতা ও রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন কাটোয়ার এই বিখ্যাত কার্তিক লড়াই নিজের চোখে উপভোগ করতে।
নতুন প্রজন্মের পুজো কমিটিগুলিও তাদের ভাবনায় ফুটিয়ে তুলছে সমসাময়িক নানা বার্তা। যেমন কাটোয়া ইউনিক ক্লাবের বয়স এবার ৩৫ বছর। ‘মাটির টানে’—এই বিশেষ থিমকে সামনে রেখে যত্রতত্র কৃষিজমি ভরাট করে বহুতল আবাসন গড়ে তোলার প্রবণতার বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছে তারা। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বড় বড় আবাসনের সামনে মাথায় হাত দিয়ে বসে থাকা এক অসহায় কৃষকের চিত্র। কৃষিজমি রক্ষা এবং কৃষকের নায্য অধিকারের দাবিই তাদের পুজোর মূল ভাবনা। পুজোর পরের দিন হয় সেই কাঙ্ক্ষিত কার্তিক লড়াই, যেখানে বিভিন্ন ক্লাবের সুসজ্জিত প্রতিমা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেয়।
অন্তিম রেশ ও চিরন্তন অপেক্ষা
রাত যত গভীর হতে থাকে, কাটোয়ার অলিগলি থেকে ধীরে ধীরে কমতে থাকে মানুষের ভিড়। দূরে কোথাও ভেসে আসা বাজনার সুর একসময় মিলিয়ে যায়, একে একে নিভে আসে রঙিন আলোর ঝলকানি। কিছুক্ষণ আগেও যেখানে তিল ধারণের জায়গা ছিল না, সেখানে পড়ে থাকে কেবল উৎসবের শেষ মুহূর্তের মিষ্টি স্মৃতি। প্রতিমা বিসর্জন দিয়ে উদ্যোক্তারা ফিরে যান, দর্শকরাও ফেরেন ঘরের টানে। তবুও কাটোয়ার অমান্ত মানুষের মন পড়ে থাকে সেই আলোকিত রাস্তায়।
মনে হয়, আনন্দ যেন ফুরিয়েও ফুরোলো না! আর একটু যদি ঢাকের বাদ্যি বাজত, আর একবার যদি সেই রাজকীয় শোভাযাত্রা চোখের সামনে দিয়ে চলে যেত! কার্তিক লড়াইয়ের আসল আকর্ষণ বোধহয় এখানেই—উৎসব শেষ হয়ে যাওয়ার পরেও যার রেশ মনে থেকে যায়। আর সেই রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় আগামী বছরের নতুন প্রতীক্ষা।