সব সুপারহিরোর কেপ থাকে না!’ ঢাকার ব্যস্ত রাস্তায় বাইক থামিয়ে এ কোন দেবদূতের কাণ্ড দেখলেন নেটিজেনরা?

চারপাশে দ্রুত গতিতে ছুটে চলা গাড়ি আর তীব্র যানজটের জেরে নাজেহাল পরিস্থিতি। ঠিক তার মাঝেই গুটিগুটি পায়ে ব্যস্ত রাস্তা পেরোতে গিয়ে একরত্তি এক বিড়ালছানা পড়েছিল সাক্ষাৎ বিপদের মুখে। আর ঠিক সেই সঙ্কটময় মুহূর্তে নিজের বাইক থামিয়ে দেবদূতের মতো ত্রাতা হয়ে হাজির হলেন এক তরুণ বাইকার। শুধু পথচারীদের সাহায্যে সেই ছোট্ট প্রাণটির জীবন বাঁচানোই নয়, একেবারে নিজের পকেটে পুরে রাজকীয় মেজাজে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন তিনি। বাংলাদেশের (Bangladesh) রাজপথে ঘটা এই অত্যন্ত মানবিক অথচ মিষ্টি একটি ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুপারহিট।
বাইক থামিয়ে উদ্ধার ও পকেটে ভিআইপি রাইড
রেদোয়ান নামের এক কন্টেন্ট ক্রিয়েটর তাঁর জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ‘রেদোয়ান আনফিল্টারড’-এ এই অসাধারণ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার মাঝে ওই খুদে বিড়ালটিকে দেখতে পান তিনি। বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে বাইকের ব্রেক কষে সোজা রাস্তায় নেমে পড়েন ওই তরুণ। উল্টোদিক থেকে ছুটে আসা গাড়িগুলোকে হাত নেড়ে থামার নির্দেশ দেন তিনি। কিন্তু চারপাশের বিকট হর্নের আওয়াজে ততক্ষণে ভয়ে কুঁকড়ে গিয়েছিল ছানাদেবু। প্রাণভয়ে সে সোজা গিয়ে সেঁধিয়ে যায় একটি গাড়ির তলায়।
তবে দমে যাওয়ার পাত্র ছিলেন না রেদোয়ানও। নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির তলায় উঁকি মেরে শুরু করেন উদ্ধারকাজ। তাঁর এই মরিয়া কসরত এবং আকুলতা দেখে ততক্ষণে এগিয়ে আসেন আশপাশের বেশ কয়েকজন পথচারীও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে রক্ষা পায় সেই অবলা প্রাণটি।
তবে আসল চমকটি অপেক্ষা করছিল এর পরেই! উদ্ধার করার পর ছোট্ট বিড়ালটিকে সটান নিজের জ্যাকেটের পকেটে চালান করে দেন রেদোয়ান। শুরু হয় তার একেবারে ‘ভিআইপি ট্রিটমেন্ট’! এরপর ফের বাইক স্টার্ট দিতেই হাওয়া খেতে খেতে পকেট থেকে মাথা উঁচু করে উঁকি মেরে ম্যাঁও-ম্যাঁও রবে চারপাশ দেখতে শুরু করে ছানাটি। বাইকারও মাঝেমধ্যেই বাইক চালানোর ফাঁকে পকেটে হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করতে থাকেন। শেষমেশ নিজের গ্যারাজে নিরাপদে পৌঁছে সেই বিশেষ অতিথিকে জল খেতে দেন রেদোয়ান। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “একটা ছোট্ট প্রাণ বাঁচল, আর একটুখানি আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া গেল।”
নেটদুনিয়ায় প্রশংসার জোয়ার
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই মন ভালো করা ভিডিওটি ৯ কোটিরও বেশি মানুষ দেখেছেন। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার বন্যা। এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, “সব সুপারহিরোদের যে গায়ে কেপ বা চাদর থাকে, এমনটা নয়; কারও কারও মাথায় হেলমেটও থাকে!” অন্য একজন লিখেছেন, “ব্যস্ত রাস্তার মাঝে সবাই যেভাবে ওই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলেন, তা দেখে সত্যি আজ মন জুড়িয়ে গেল।”