আমি তো এখানে থাকতে আসিনি!’ বুকস্টল নিয়ে তুলকালাম কাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়লেন প্রবীণ নেতা বিমান বসু

বইপাড়া কলকাতার কলেজ স্ট্রিটে এসএফআই (SFI) ও এবিভিপি (ABVP)-র রাজনৈতিক সংঘাতে ফের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এসএফআই-এর একটি বুকস্টল পরিদর্শন করতে এসে সরাসরি এবিভিপি ও আরএসএস সমর্থক ছাত্রদের বিক্ষোভের মুখে পড়লেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান এবং তীব্র প্রতিবাদের জেরে বুধবার দুপুর থেকেই রণক্ষেত্রের রূপ নেয় গোটা কলেজ চত্বর।
বিমান বসুকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান
এদিন দুপুরে কলেজ স্ট্রিটে এসএফআই-এর বুক স্টলে পৌঁছন বিমান বসু এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁরা স্টল ঘুরে দেখার পাশাপাশি সম্প্রতি বইপাড়ায় বুকস্টলে হামলার ঘটনার তীব্র নিন্দা করেন। কিন্তু বিমান বসু যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময়ই ঠিক পাশের এবিভিপি-র বুকস্টল থেকে তাঁর বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা শুরু হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিমান বসু গাড়ি চড়ার জন্য এগোতে যান। তাঁর একেবারে সামনে চলে এসে ABVP সমর্থকরা হাততালি দিতে দিতে ‘গো ব্যাক, গো ব্যাক, বিমান বসু গো ব্যাক’ এবং ‘পালিয়েছে, পালিয়েছে, বিমান বোস পালিয়েছে’ বলে স্লোগান দিতে থাকেন। এই অভূতপূর্ব পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিমান বসু শান্ত মেজাজেই বলেন, “গো ব্যাক… আমি তো এখানে থাকতে আসিনি! গো ব্যাক বলার দরকার কী! বই বিক্রি করতেও আসিনি আমি। আমার মিটিং আছে, এখনই আমাকে যেতে হবে।”
দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র কলেজ স্ট্রিট
গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বইপাড়ার পরিবেশ, যা বুধবার সকালে আরও ভয়াবহ রূপ নেয়। এসএফআই-এর বুকস্টলের ঠিক পাল্টা সেখানে নিজেদের বুকস্টল বসানোর চেষ্টা করে এবিভিপি। এর ফলেই দুই ছাত্র সংগঠন মুখোমুখি অবস্থানে চলে আসে এবং হাতাহাতির উপক্রম হয়। এবিভিপির শিবির থেকে ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘লেনিনবাদ চলবে না’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝপথে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় পুলিশ। কিন্তু উত্তেজনার পারদ এতটাই উর্ধমুখী ছিল যে পুলিশের সঙ্গেও বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ছাত্ররা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি সমর্থকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে গার্ডরেল ভেঙে ফেলা হয় এবং এসএফআই-এর বেশ কিছু ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এমনকি এসএফআই-এর বুকস্টলের দিকে তেড়ে গিয়ে কাঠের তৈরি কাঠামো তুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
এসএফআই-এর তরফ থেকে দাবি করা হয়েছে যে, মঙ্গলবার পুলিশ তাঁদের বুকস্টল তৈরিতে বাধা দিলেও, সমর্থকরা রাস্তায় বসে বই বিক্রি শুরু করলে ব্যাপক ধরপাকড় চালানো হয়। এরপর বুধবার যৌথ কমিশনারের (Joint CP) যথাযথ অনুমতি নিয়েই তাঁরা ফের সেখানে বুকস্টল স্থাপন করেন। কিন্তু সেই সময় এবিভিপির সমর্থকরা এসে দাবি করেন যে ওই নির্দিষ্ট জায়গাতেই বুকস্টল দেওয়ার কথা তাঁদেরও। আর এই ঘিরেই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।