‘নিজের নাম বদলে রাম পাল রাখুন!’ জাভেদ আখতারকে চরম কটাক্ষ মৌলানা সাজিদ রাশিদির

প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের একটি মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভগবান রামকে কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় সীমানায় আবদ্ধ না রেখে তাঁকে একটি ‘জীবন দর্শন’ ও ‘নৈতিক মূল্যবোধ’ হিসেবে উল্লেখ করেছিলেন জাভেদ। আর এই মন্তব্য ঘিরেই চড়েছে রাজনৈতিক পারদ। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৌলানা সাজিদ রাশিদি সরাসরি তাঁর এই মন্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি কটাক্ষ করে জাভেদ আখতারের নাম বদলে ‘রাম পাল’ রাখারও পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘রামায়ণ’ এবং শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’ সিনেমার প্রসঙ্গ টেনে জাভেদ আখতার বলেন, ‘পল পল হ্যায় ভারি’ গানটির ‘মন সে রাবণ জো নিকালে, রাম উসকে মন মে হ্যায়’ পঙ্ক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, রামের ধারণা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “রাম শুধু কোনো ব্যক্তি নন, রাম একটি নৈতিকতা, একটি জীবনযাপনের পথ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্দিষ্ট কিছু নান্দনিক মূল্যবোধ।” সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরে গীতিকারের আরও দাবি, “প্রত্যেক ভারতীয়ের রক্তে রাম রয়েছেন, তাঁরা যে ধর্মেরই অনুসারী হোন না কেন।”
তীব্র আক্রমণ ও কটাক্ষ মৌলানা রাশিদির
তবে জাভেদ আখতারের এই সুনির্দিষ্ট মন্তব্য ভালোভাবে নেননি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের (AIAA) প্রধান মৌলানা সাজিদ রাশিদি। তাঁর বিস্ফোরক অভিযোগ, সম্পূর্ণ বাণিজ্যিক স্বার্থ এবং ছবি বিক্রির উদ্দেশ্যেই এমন মন্তব্য করছেন গীতিকার। প্রকাশ্যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেওয়া জাভেদ আখতার কীভাবে হঠাৎ রামের প্রতি এমন বিশ্বাসের কথা বলছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
রাশিদির কথায়, “জাভেদ আখতার একজন ব্যবসায়ী। বলিউডে গান বিক্রি করতে হয়। তিনি যদি এমন মন্তব্য না করেন, তবে তাঁর গান কিনবে কে?” তিনি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন প্রকাশ্য মঞ্চে জাভেদ বারবার নিজেকে নাস্তিক এবং ধর্মে অবিশ্বাসী বলে দাবি করেছেন। এই প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষ করে মৌলানা বলেন, “যে নাস্তিক এতদিন ধর্মে অবিশ্বাসী ছিলেন, তিনিই এখন রামের প্রতি গভীর বিশ্বাস দেখাচ্ছেন! তাই আমার পরামর্শ, নিজের নাম জাভেদ আখতার থেকে বদলে ‘রাম পাল’ করে নিন। তাতে দেশের ৮০ শতাংশ হিন্দু জনসংখ্যা হয়তো আপনাকে পূর্ণ সম্মান ও মর্যাদা দেবে।”
এদিন এখানেই থেমে থাকেননি রাশিদি। তাঁর অভিযোগ, জাভেদ আখতার বিভিন্ন মতাদর্শের শিবিরে একসঙ্গে নিজের স্বার্থ বজায় রাখার চেষ্টা করছেন। পাশাপাশি, গীতিকারের পরিবারের সদস্যরা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন লাভজনক পদে যুক্ত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক মহলেও শোরগোল
জাভেদ আখতারের এই মন্তব্য কেবল ধর্মীয় মহলেই নয়, বরং মূলধারার রাজনীতিতেও আলোড়ন তুলেছে। এই প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ রাজীব রাই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রামায়ণ আমাদের জন্য অত্যন্ত পবিত্র গ্রন্থ। কিন্তু এই গ্রন্থের ভিন্ন ভিন্ন অর্থ অনেকেই অনেক সময় তুলে ধরেছেন। এই বিষয়ে আমি আর কী মন্তব্য করতে পারি!”
সবমিলিয়ে, জাভেদ আখতারের ‘রাম ও ভারতীয় রক্ত’ সংক্রান্ত এই মন্তব্য এখন বিনোদন দুনিয়া ছাড়িয়ে দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক অন্যতম আলোচিত ও বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে।