ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে! ‘মাতৃভূমি’র টিমের জন্য সলমন খানের রাজকীয় সারপ্রাইজ

বলিউডে তাঁর তারকাখ্যাতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ধরনেও যে সলমন খান বরাবরই নজর কাড়তে জানেন, ফের মিলল তার প্রমাণ। ছবির শুটিং শেষ, মুক্তির অপেক্ষায় নতুন ছবি। তারই মাঝে নিজের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের জন্য একেবারে যাকে বলে রাজকীয় সারপ্রাইজের আয়োজন করলেন ভাইজান। কী সেই সারপ্রাইজ? বহুমূল্যের একেকটি বিশেষ উপহার! আর সেই উপহারের মূল্য শুনলে চোখ কপালে উঠতে বাধ্য হবে। ছবির টিমের সদস্যদের হাতে দামি সুইস ঘড়ি তুলে দিলেন সলমন। কোনওটি লংজিনস, কোনওটি আবার ট্যাগ হিউয়ার। মহিলাদের জন্য ছিল রাডোর বিশেষ উপহার।

গত ১২ নভেম্বর, পানভেলের নিজের ফার্মহাউসে ‘মাতৃভূমি’র গোটা টিমকে নিয়ে একটি বিশেষ জমায়েতের আয়োজন করেছিলেন সলমন। ছবির ট্রেলার মুক্তির ঠিক দু’দিন পরেই বসেছিল এই বিশেষ আসর। সূত্রের খবর, টিমের সদস্যদের প্রথমে জানানো হয়েছিল, ছবির প্রচার ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। ফলে কাজের আলোচনার প্রস্তুতি নিয়েই সেখানে পৌঁছেছিলেন সকলে। কিন্তু ফার্মহাউসে পৌঁছনোর পর তাঁদের জন্য যে এমন চমক অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ।

খবর, প্রায় ২০ থেকে ২৫ জন অভিনেতা ও কলাকুশলীর হাতে এই দামি সুইস ঘড়ি তুলে দিয়েছেন সলমন। প্রতিটি ঘড়ির আনুমানিক মূল্য ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা! অর্থাৎ, উপহারের অঙ্ক যে নেহাত কম নয়, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, কাপুর ওয়াচ কোম্পানি থেকে ঘড়িগুলি সংগ্রহ করা হয়েছিল। পুরুষ সদস্যদের জন্য ছিল লংজিনস এবং ট্যাগ হিউয়ারের ঘড়ি। অন্যদিকে, মহিলা সদস্যদের উপহার দেওয়া হয়েছে রাডোর বিশেষ টাইমপিস। শুধু উপহার দিয়েই দায়িত্ব সারেননি অভিনেতা, নিজে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে সেই ঘড়ি তুলে দিয়েছেন। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের পরিশ্রম ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাতেই তাঁর এই উদ্যোগ।

সলমনের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ এবং তানিয়া দেশাইও ছিলেন সেই সন্ধ্যার অতিথি। পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির সংলাপ লেখক চিন্তন শাহ-ও। সেই সন্ধ্যার কিছু মুহূর্ত ও উপহার পাওয়ার ছবি সমাজমাধ্যমেও ভাগ করে নিয়েছেন টিমের কয়েকজন সদস্য। স্বাভাবিকভাবেই, ভাইজানের এই উপহার এখন চর্চার কেন্দ্রে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর মুম্বইয়ে মুক্তি পেয়েছিল ‘মাতৃভূমি’-এর ট্রেলার। অপূর্ব লাখিয়ার পরিচালনায় তৈরি এই যুদ্ধভিত্তিক ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন সলমন খান ও চিত্রাঙ্গদা সিং। তবে ছবিটির বড়পর্দায় আসার পথ একেবারেই মসৃণ ছিল না। প্রযোজনা থেকে মুক্তির দিনক্ষণ, একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ছবিকে। দীর্ঘ অপেক্ষা ও নানা ওঠাপড়ার পর অবশেষে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘মাতৃভূমি’র। চলতি বছরে এটিই হতে চলেছে সলমন খানের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবি। তার আগে সহকর্মীদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে যেন ছবির দীর্ঘ সফরের পাশে থাকা প্রত্যেক মানুষকে কৃতজ্ঞতা জানালেন ‘টাইগার’। পর্দায় যুদ্ধের গল্প বলার প্রস্তুতির মাঝেই বাস্তবের এই উপহার-পর্বে যে তৈরি করল অন্যরকম এক আবেগঘন মুহূর্ত তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *