চাকরি চোরেরা সব জেলে গেছে, এবার আর কারচুপি চলবে না!” বড় পদক্ষেপ করল রাজ্য সরকার

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়ে আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত পুরনিগম ও পুরসভায় খালি পদে স্থায়ী কর্মী নিয়োগের বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভা থেকে এই ঘোষণা করেন তিনি। নতুন সরকারের আসার পর গত ছয় মাসের মধ্যে এই প্রথম রাজ্যে কোনও পুরসভায় স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হলো, যেখানে স্বয়ং উপস্থিত থেকে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী।

হাইকোর্টের রায়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান

জানা গিয়েছে, ২০১৮ সালের একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এদিন গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, “নতুন রাজ্য সরকার আসার পর এই প্রথম কোনও পুরসভায় অস্থায়ী কর্মীদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হলো। আজ ১৬ জন কর্মীকে এই চিঠি দেওয়া হলো। আগামী মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া আরও ব্যাপক আকার নেবে এবং বিভিন্ন পুরসভাগুলিতে স্থায়ী কর্মী নিয়োগের সংখ্যা আরও বাড়ানো হবে। এর জন্য প্রায় এক লক্ষ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, এদিন যাঁদের হাতে স্থায়ী চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, তাঁরা দীর্ঘকাল ধরে লড়াই চালাচ্ছিলেন। ওই কর্মীদের দাবি অনুযায়ী, তাঁরা ২০০০ সাল থেকে গারুলিয়া পুরসভায় অস্থায়ীভাবে কাজ করে আসছিলেন। কিন্তু এত বছর ধরে কাজ করার পরেও তাঁদের চাকরি স্থায়ী না হওয়ায় চরম আর্থিক ও সামাজিক সংকটের মধ্যে পড়তে হয়েছিল। অবশেষে আদালতের শরণাপন্ন হওয়ার দীর্ঘ ৯ বছর পর আদালতের নির্দেশেই স্বস্তি মিলল। এখন থেকে তাঁরা অন্যান্য সরকারি কর্মীদের মতো সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করবেন। আনন্দিত কর্মীরা জানান, এত বছরের আইনি লড়াই ও বঞ্চনার পর তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

নিয়োগে স্বচ্ছতা আনতেই কড়া পদক্ষেপ সরকারের

বিগত দিনে সরকারি নিয়োগে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গ এ দিন সরাসরি এড়িয়ে না গিয়ে কড়া বার্তা দিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ করানোর পক্ষপাতী নয়। যোগ্য প্রার্থীরা যাতে পরীক্ষা দিয়ে সম্পূর্ণ স্বচ্ছভাবে স্থায়ী সরকারি পদে চাকরি পান, সেটাই সরকারের মূল লক্ষ্য।

অতীতে নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে অর্জুন সিং দাবি করেন, “যাঁরা চাকরি চুরি করেছিলেন, তাঁরা সবাই আজ ক্ষমতাচ্যুত এবং অনেকে জেলেও রয়েছেন। তবে বর্তমান সরকারের আমলে এই ধরনের দুর্নীতি বা চুরি যাতে আর না ঘটে, তার জন্য আমরা আগে থেকেই চূড়ান্ত সতর্ক রয়েছি।” তিনি জানান, নতুন পুরকর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মৌখিক পরীক্ষার (ইন্টারভিউ) নম্বর কমিয়ে মাত্র ৫ নম্বর করা হয়েছে। অথচ বিগত বাম আমলের দিকে ইঙ্গিত করে তিনি জানান, তখন ইন্টারভিউর জন্য কুড়ি নম্বর রাখা হতো এবং সেই সুযোগ নিয়েই কারচুপি করা হতো। কিন্তু বর্তমান ব্যবস্থায় সেই দুর্নীতির আর কোনো সুযোগই রাখা হয়নি, যাঁর প্রকৃত যোগ্যতা ও অধিকার রয়েছে, তিনিই সরকারি চাকরি পাবেন।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *