জুলাই জঙ্গি যেখানেই, প্রতিরোধ সেখানেই!” কেমব্রিজের পর এবার পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা সভাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে বড়সড় সহিংসতার ঘটনা ঘটেছে। অনুষ্ঠান শেষে লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর সামনে ঘটা এই সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে দাবি করেছে এনসিপি।
ঠিক কী ঘটেছিল পূর্ব লন্ডনের রমফোর্ডে?
এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছ’টায় অনুষ্ঠান শুরু হলেও, তার আগেই বিকেল থেকে ভেন্যুর বাইরে ভিড় জমাতে শুরু করেছিলেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখার পর জুলাইয়ের স্লোগান দিয়ে পেছনের একটি দরজা দিয়ে ভেন্যু ত্যাগ করেন নাহিদ ইসলাম। তিনি চলে যাওয়ার কিছু সময় পর যখন আমন্ত্রিত অতিথিরা বাইরে বের হতে যান, তখনই বাইরে আগে থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী সমর্থকরা তাঁদের লক্ষ্য করে ডিম, জলপাই ও জলের বোতল ছুড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এনসিপি নেতাদের দাবি, নিরাপত্তা রক্ষীরা ভেন্যুর দরজা আটকে দেওয়ার চেষ্টা করলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় আক্রমণকারীরা। এই হামলায় দলটির অন্তত দশজন কর্মী আহত হন এবং গুরুতর জহম চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রতিহতের ঘোষণা ও পূর্বের উত্তেজনার রেশ
নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে লন্ডনে রওনা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়ে আসছিলেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এমনকি অনুষ্ঠানস্থলের কাছাকাছি সমবেত হওয়ার আহ্বান জানিয়ে অনলাইনে পোস্টও করা হয়েছিল। এর আগে গত শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তোলে এনসিপি।
সংঘাতের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি ভেরিফাইড ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অন্যদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দাবি করেছেন, তাঁদের যে সমস্ত কর্মী-সমর্থক এই প্রতিরোধ গড়ে তুলছেন, তাঁরা বিগত দিনে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশে তাঁদের ওপর চলা অন্যায়ের কোনো বিচার পাননি। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার জেরে প্রবাসের মাটিতেও এই অনভিপ্রেত সংঘর্ষ নতুন করে রাজনৈতিক শোরগোল ফেলে দিয়েছে।