রাগ ও ঘৃণায় ভরা মন, এরা ভালোবাসতে জানে না!” ট্রোলের মুখে পড়ে সোজা পদ্মশিবিরকে আক্রমণ কংগ্রেস নেতার

মা সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মায়ের কাটানো অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু সেই আবেগঘন পারিবারিক স্মৃতিচারণাকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র ট্রোলিং ও সমালোচনা। আর এই ঘটনার পরই সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) অনুগামীদের মনে জমে থাকা ভয়, রাগ ও ঘৃণার পরিবেশই তাঁদের ভালোবাসা প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
সোনিয়ার আত্মজীবনী ও রাহুলের স্মৃতিচারণা
সম্প্রতি নতুন দিল্লিতে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর প্রকাশ অনুষ্ঠান বসেছিল। সেই মঞ্চেই বাবা-মায়ের সম্পর্কের নানা অজানা ও সুন্দর মুহূর্ত তুলে ধরেন রাহুল। ছোটবেলায় বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীকে প্রায় সবসময় একসঙ্গে দেখার কথা উল্লেখ করে তিনি জানান, খাবার টেবিলে বাবা থাকলে মা তাঁর কোলেই বসতেন। রাহুলের কাছে সেটাই ছিল স্বাভাবিক পারিবারিক ছবি। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে বাবা-মাকে এমনভাবে একসঙ্গে না দেখে তিনি অবাক হতেন।
পাশাপাশি, রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর সোনিয়া গান্ধীর হাসিখুশি জীবন কীভাবে এক লহমায় বদলে গিয়েছিল এবং এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তাঁকে নতুনভাবে পথ চলতে হয়েছিল, সেই আবেগঘন অধ্যায়ও তুলে ধরেন কংগ্রেস নেতা। এমনকি কেমব্রিজে গিয়ে বাবা-মায়ের প্রথম পরিচয়ের সেই ঐতিহাসিক রেস্তোরাঁ খোঁজার রোমাঞ্চকর স্মৃতির কথাও ভাগ করে নেন তিনি। অনুষ্ঠান শুরুর আগেই রাহুল স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই মঞ্চে কোনো রাজনৈতিক আলোচনা তিনি করবেন না; কেবল একজন সন্তান হিসেবে মায়ের জীবনের কিছু ব্যক্তিগত ও সুন্দর মুহূর্ত সবার সামনে তুলে ধরতে চান।
ট্রোলের মুখে পড়ে বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
অনুষ্ঠানের পর রাহুলের সেই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং। আর এর পরেই মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আক্রমণ শানান কংগ্রেস নেতা।
তিনি লেখেন, বিজেপি ও আরএসএস সমর্থকদের মনে ভয়, রাগ এবং ঘৃণার যে অন্ধকার জাল তৈরি হয়েছে, তা তাঁদের ভালোবাসা অনুভব করতে এবং প্রকাশ করতে বাধা দেয়। একজন সত্যিকারের হিন্দু হিসেবে তাঁদের এই মানসিক বিকার ও রাগ থেকে মুক্ত করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিচ্ছেন বলে জানান তিনি। যাতে সমালোচকরাও জীবনে ভালোবাসা এবং আপন হওয়ার প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারেন। নিজের এই বক্তব্যের শেষে ‘সত্যম শিবম সুন্দরম’ কথাটিও উল্লেখ করেছেন রাহুল।