লাইভ ক্যামেরার সামনে মুখ খোলাই কাল! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়মের খাঁড়ায় বিপাকে আট তরুণ চিকিৎসক

চোরবাগান পুজো প্যান্ডেলে মর্মান্তিক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে চাঞ্চল্য ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন আট জন ইন্টার্ন চিকিৎসক। আর সেই প্রকাশ্যে মন্তব্য করার জেরে এবার ওই আট ইন্টার্নকে কড়া ভাষায় শো-কজ নোটিস ধরাল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার জারি করা এই নোটিসে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব তলব করা হয়েছে।

ঠিক কী অভিযোগ রয়েছে শো-কজ নোটিসে?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যে শো-কজ নোটিস জারি করা হয়েছে, তাতে মূলত দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, ঘটনার দিন ওই আট জন ইন্টার্ন চিকিৎসকের ডিউটি ছিল কি না এবং তাঁরা সেই সময় কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, তাঁদের বিরুদ্ধে কেন উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, প্রাথমিক তদন্তে ইন্টার্নদের করা অভিযোগগুলি সম্পূর্ণ অসত্য বলে প্রমাণিত হয়েছে। সংবাদমাধ্যমে এই ধরনের মন্তব্য করার ফলে রাজ্য সরকার ও হাসপাতালের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি, হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির জেরে সাধারণ জরুরি চিকিৎসা পরিষেবাও ব্যাহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নিয়মভঙ্গের অভিযোগ ও জুনিয়র ডাক্তারদের ক্ষোভ

নোটিশে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে, ডিউটিতে থাকাকালীন বা সাধারণভাবে সংবাদমাধ্যমের সামনে এই ধরনের বিবৃতি দেওয়া হাসপাতালের অভ্যন্তরীণ অনুশাসনের সম্পূর্ণ পরিপন্থী। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) ২০২১ সালের ‘কম্পালসারি রোটেটিং মেডিক্যাল ইন্টার্নশিপ’ সংক্রান্ত বিধির আওতায় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইন্টার্নদের ইন্টার্নশিপ সাময়িকভাবে স্থগিত বা একেবারে বাতিল করার মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের এই কড়া পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অনিকেত মাহাতো এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চোরবাগানের ঘটনার সময় ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকেরাই প্রথম এগিয়ে এসে সুষ্ঠু পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। শুধু যাঁরা কর্তব্যরত ছিলেন তাঁরাই নন, যাঁদের ডিউটি ছিল না এবং প্রাক্তনীরাও একসঙ্গে সেদিন হাত লাগিয়েছিলেন। তাই ডিউটি করতে করতে তাঁরা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। আমরা এই রাজনৈতিক প্রতিহিংসার তীব্র প্রতিবাদ জানাই।”

ঠিক কী ঘটেছিল গত ১৭ অক্টোবর?

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর চোরবাগানের একটি পুজো প্যান্ডেলে পদপিষ্ট হয়ে বহু মানুষ আহত হন। তাঁদের মধ্যে ১৭ জনকে মৃত অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাকি আহতদের চিকিৎসা চলাকালীন ১৪ জনকে পরবর্তী সময়ে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই মর্মান্তিক ঘটনার পরেই কয়েক জন ইন্টার্ন চিকিৎসক সংবাদমাধ্যমের সামনে এসে অভিযোগ করেন যে, জরুরি পরিস্থিতির মোকাবিলা করার মতো পর্যাপ্ত পরিকাঠামো হাসপাতালে ছিল না। এমনকি ট্রানেক্সামিক অ্যাসিড, সিরিঞ্জ এবং ক্লট ভায়ালের মতো অত্যন্ত জরুরি জীবনদায়ী চিকিৎসা সামগ্রীরও ঘাটতি ছিল বলে দাবি করেছিলেন তাঁরা। আর সেই ঘটনার প্রায় এক মাস বাদেই ওই আট ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে সরাসরি কড়া disciplinary action বা শাস্তিমূলক পদক্ষেপের পথে হাঁটল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *