বায়োলজিক্যাল ফাদার দিল্লিতে রয়েছেন, সময় আসুক এফিডেভিট দেখাব!” কার্তিক ফেলা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের

চলতি বছরে রাজনীতির অলিন্দে যেন দিকে দিকে কার্তিক পুজোর ‘উৎসব’ ও প্রতিমা ফেলার হিড়িক চলছে। কোথাও বিয়ের ঘোষণা মাত্রেই বাড়িতে কার্তিক পৌঁছে যাওয়া, আবার কোথাও বা নানা মজার ঘটনা রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার ঠিক এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন মমতাপন্থী তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বাড়ির লোহার গেটের বাইরে গভীর রাতে কে বা কারা একটি কার্তিক প্রতিমা রেখে যান, যা নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঋজু দত্তের ফেসবুক পোস্ট ও কুণাল ঘোষের প্রতিক্রিয়া
সোমবারের গভীর রাতে বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ির লোহার গেটের বাইরে চুপিসারে কার্তিক মূর্তি রেখে যাওয়ার সেই দৃশ্য এবং লোহার গেটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন ঋতপন্থী তৃণমূল নেতা ঋজু দত্ত। তিনি দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এবাব্বা…এসব কি? কুণাল ঘোষের বাড়ির সামনে কারা কার্তিক ফেল্লো??’ সঙ্গে দুটি হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।
এই সোশাল মিডিয়া পোস্ট ও গোটা ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিষয়টিকে সম্পূর্ণ বিনোদন হিসেবে দেখছেন বলে জানান। তবে একই সঙ্গে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলেন, “আমি জানি আমি টার্গেট। আমাকে নিয়ে যা খুশি করতে পারে। আমি শুধু বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে লড়বে, আমাকে নিয়ে ব্যস্ত থাকুক আগে।” এরপরই এক রহস্যময় প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, “আমার এমন কিছু, বা একজন, নিম্ন শ্রেণির প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যাঁর নাম এখনই আমি করছি না, তাঁর যা পদবি, আর তাঁর যিনি বায়োলজিক্যাল ফাদার, তিনি আলাদা। বায়োলজিক্যাল ফাদার দিল্লিতে রয়েছেন। কোনোদিন কারও জন্মবৃত্তান্ত সংক্রান্ত রসিকতার পরিবেশ তৈরি হলে, তখন আমি কার্তিক ঠাকুরের নামে এফিডেভিট দেখিয়ে দেব।”
রাজনীতির অন্দরে কার্তিক ফেলার হিড়িক
চলতি মরসুমে কেবল কুণাল ঘোষ একা নন, একের পর এক রাজনৈতিক নেতার বাড়িতে এই ধরনের ঘটনা সামনে আসছে। সম্প্রতি কার্তিক পুজোর আগের রাতে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির বাড়িতে একসঙ্গে চার-চারটে কার্তিক ফেলে যাওয়া হয় এবং সঙ্গে একটি নিরামিষ খাবারের মেনুর তালিকাও সেঁটে দেওয়া হয়। যার জেরে কৌস্তভ ও তাঁর স্ত্রী প্রীতি বাগচির সমস্ত পূর্বনির্ধারিত কর্মসূচি বদলাতে বাধ্য হয়েছিল।
অন্যদিকে, সম্প্রতি নিজের বাগদানের খবর সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন তরুণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই তাঁর বাড়ির দরজায় কেউ বা কারা কার্তিক রেখে যান, যার ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে দেবাংশু লিখেছিলেন, ‘বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো?’ সবমিলিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে এই ট্রোলিং ও কার্তিক ফেলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের কাপে ঝড় উঠেছে।