‘তোমার মা বাবার কোলে বসেন না কেন?’-অবাক করা স্মৃতিচারণ করে বিপাকে রাহুল!

দিল্লিতে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’-এর প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক ও ব্যক্তিগত নানা স্মৃতিচারণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাবা-মা, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবনের এমন কিছু কথা তিনি প্রকাশ্যে আনেন, যা শুনে স্বয়ং সোনিয়া গান্ধীও হতবাক হয়ে যান। বর্তমানে সেই বক্তব্যের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
রাজীব-সনিয়ার সম্পর্কের অজানা দিক
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী জানান, তাঁদের পরিবারে বাবা-মায়ের মধ্যে এক গভীর মানসিক ও ভালোবাসার বন্ধন ছিল। ছোটবেলায় তিনি প্রায়শই দেখতেন, খাওয়ার সময় বাবা রাজীব গান্ধীর কোলে এসে বসতেন মা সোনিয়া গান্ধী। রাহুলের কাছে এই দৃশ্যটি এতটাই স্বাভাবিক ছিল যে, তিনি ভেবেছিলেন সব পরিবারেই বোধহয় এমনটাই হয়।
পরবর্তীকালে বন্ধুদের বাড়িতে গিয়ে তিনি অবাক হয়ে যান। রাহুল নিজেই জানান, শৈশবে এক বন্ধুর বাড়িতে গিয়ে তিনি সোজা জিজ্ঞাসা করেছিলেন, “তোমার মা কেন তোমার বাবার কোলে বসেন না?” রাহুলের এই সরল স্বীকারোক্তি শুনে উপস্থিত অতিথিদের অনেকেই চমকে যান। অনুষ্ঠানে রাহুল আরও জানান, তিনি ও তাঁর বোন প্রিয়াঙ্কা মাত্র একবারই তাঁদের বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন। ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিয়ে একটি আলোচনার সময় সোনিয়া গান্ধী একই কথা বারবার বলায় সামান্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাজীব গান্ধী, আর সেটাই ছিল তাঁদের বিরল সেই মতবিরোধের মুহূর্ত।
হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ
রাহুল গান্ধীর এই ব্যক্তিগত স্মৃতিচারণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক্স (X)-এ লেখেন, “দুঃখিত, ম্যাডাম (সোনিয়া গান্ধী), আপনার জীবনের এমন একটি বিশেষ দিনেও তিনি আপনাকে লজ্জা থেকে বাঁচাতে পারেননি। দেশ এটা অনেক আগেই বুঝে গেছে। আশা করি, আপনিও এখন বুঝবেন।” এমনকি রাহুল গান্ধীকে একটি ‘প্রোডাক্ট’ হিসেবে অভিহিত করে হিমন্ত কটাক্ষ করেন যে, এই প্রডাক্টটিকে নতুন করে বাজারে আনার আর কোনো প্রয়োজন নেই।
সমালোচকদের কড়া জবাব রাহুলের
বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে চুপ থাকেননি লোকসভার বিরোধী দলনেতা। মঙ্গলবার এক সোশ্যাল হ্যান্ডেলে এর কড়া জবাব দেন রাহুল গান্ধী। তিনি লেখেন, বিজেপি ও আরএসএস সমর্থকদের হৃদয় ভয়, ক্রোধ এবং ঘৃণায় এমনভাবে আচ্ছন্ন হয়ে গেছে যে তাঁরা ভালোবাসা অনুভব করতে বা প্রকাশ করতে ভুলে গেছেন।
নিজেকে একজন ‘প্রকৃত হিন্দু’ হিসেবে দাবি করে রাহুল লেখেন, “এই বিদ্বেষের জাল থেকে তাঁদের মুক্ত করা আমার কর্তব্য, যাতে তারাও জীবনে ভালোবাসা ও আপনজনের সান্নিধ্যের আনন্দ অনুভব করতে পারে।” পরিশেষে ‘সত্যম শিবম সুন্দরম’ লিখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। রাজনৈতিক মহলের মতে, রাজীব-সনিয়ার ব্যক্তিগত মুহূর্ত নিয়ে রাহুলের এই মন্তব্য যেমন চর্চায় রয়েছে, তেমনই এর জেরে তৈরি হওয়া রাজনৈতিক তরজাও এখন তুঙ্গে।
