‘আমার জন্য নিয়ম আলাদা কেন?’ হাই কোর্টের নোটিসের জবাব দিতে গিয়ে কাদের নিশানা অভিষেকের?

সোশ্যাল মিডিয়ায় বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে পোস্ট করার জেরে বিপাকে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ওঠা আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার তাঁকে শো-কজ নোটিস পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে। তবে এই নোটিস পাওয়ার পরেও নিজের অবস্থানে অনড় থেকে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে ফের তীব্র প্রশ্ন তুললেন অভিষেক।

নোটিসের নেপথ্যে কোন ঘটনা?

গত ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর নাম উল্লেখ করা হয়, যাঁর এজলাসে অভিষেকের নিরাপত্তাসংক্রান্ত মামলার শুনানি চলছে। ওই পোস্টের পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। সেই আবেদন খতিয়ে দেখে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট এবং এই শো-কজ নোটিস জারি করা হয়।

কী প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আইন সকলের জন্য এক। আমার আর অন্যের জন্য আলাদা হবে কেন? আগেও বলেছি, এখনও বলছি, বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়।”

এদিন একাধিক বিজেপি নেতা ও বিরোধী শিবিরের প্রসঙ্গ টেনে বিচার ব্যবস্থার দ্বিমুখী নীতির অভিযোগ তোলেন তিনি। অভিষেকের দাবি, “শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে এফআইআর হলে আদালত স্থগিতাদেশ দেয়। কিন্তু আমার বিরুদ্ধে হলে তা হয় না। অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, আদালত তাঁকে সুরক্ষা দিয়েছে। আদানির মামলা কলকাতায় হলে একদিনে শুনানি হয়, অথচ আমি একজন সাংসদ হওয়া সত্ত্বেও আমার মামলা ঝুলে থাকে।”

পাশাপাশি নিজের নিরাপত্তা ও পুরনো মামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমার বাড়িতে আক্রমণ হলো আর উল্টে আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হলো! আমি কখনও বলিনি যে কোনো বিচারপতির গায়ে রাজনৈতিক রঙের ছাপ আছে, তবে আমি বারবার বলেছি যে বিচারপতিদের ওপর বিজেপির চাপ রয়েছে।” মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন যে তাঁকেও কেন শোকজ করা হবে না।

আদালতের নোটিস পাওয়ার পর আগামী ১৫ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জবাব দেন এবং গোটা জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *