মাছ বিক্রি বন্ধ করলে মানুষকে না খাইয়ে মারতে চান?” গঙ্গাসাগরের মেলা প্রসঙ্গে সাফ কথা জুনা আখড়ার মহারাজের

কোন ব্যক্তি আলু খাবে নাকি টমেটো বা বেগুন খাবে— তা নিয়ে যেমন অযথা চর্চা করা উচিত নয়, তেমনই মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে যখন ভাত ও মাছ ওতপ্রোতভাবে জড়িত, তখন সেই বিষয়েও বিতর্ক তৈরি করা অনুচিত। আসন্ন গঙ্গাসাগর মেলায় মাছ বিক্রি বন্ধ রাখা হবে কি না, সেই প্রসঙ্গে মুখ খুলে ঠিক এই ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মহামণ্ডলেশ্বর শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার স্বামী প্রবধানন্দজি মহারাজ। বাংলার খাদ্যসংস্কৃতি এবং স্থানীয় মানুষের জীবিকাকে সম্মান জানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেলায় মাছ বিক্রি বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই।
মেলায় মাছ বিক্রি নিয়ে কী বললেন স্বামী প্রবধানন্দজি?
আগামী বছরের গঙ্গাসাগর মেলা চলাকালীন কপিলমুনি মন্দিরের কাছাকাছি মেলা চত্বরে মাছ বিক্রি বন্ধ রাখা হতে পারে বলে সম্প্রতি রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছিল। এর আগে দুর্গাপুজোর সময় বাংলার খাদ্যাভ্যাস নিয়ে ভিনরাজ্যের সাধু-সন্তদের মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত বিতভাসের সম্পূর্ণ বিপরীতে গিয়ে এক ভিন্ন ও প্রগতিশীল মত পোষণ করলেন মহামণ্ডলেশ্বর স্বামী প্রবধানন্দজি মহারাজ।
গঙ্গাসাগরে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মাছ ও ভাত ওতপ্রোতভাবে জড়িত। এখানকার মানুষ মাছই খান, আর এর সঙ্গে সনাতনের ভাবনাকে যুক্ত করা উচিত নয়। আমাদের বহু দেব-দেবী আছেন, যাঁদের আমিষ ভোগ দেওয়া হয়। তাই মেলায় মাছ বিক্রি হবে না, এটা আমার ঠিক মনে হয় না।” বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের বহু মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা। তাই আকস্মিক মাছ বিক্রি বন্ধ করে দিলে গরিব ও সাধারণ মানুষের রুজি-রুটিতে বিরাট ধাক্কা লাগবে বলেও মনে করেন তিনি।
মহারাজ আরও যোগ করেন, “ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। মাছ বিক্রি হলে কি মেলা দূষিত হয়ে যাবে? প্রতিবার গঙ্গাসাগর মেলায় মাছ বিক্রি হয়। এবার বিক্রি হলে কি মেলা দূষিত হবে? মাছ তো পশ্চিমবঙ্গের মানুষের জীবন। মাছ-ভাত কে না খায়? আমার তো মনে হয়, ৫০ শতাংশ মানুষই মাছ-ভাত খান। তো সেটা বন্ধ করে কী করতে চান? মানুষকে না-খাইয়ে মারতে চান? এটা ঠিক নয়।” ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি মানুষের বেঁচে থাকার অধিকার এবং দীর্ঘদিনের সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
২০২৭ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে বিরাট আশার বাণী
এদিন সকালে পুণ্যভূমি গঙ্গাসাগরে এসে পৌঁছান স্বামী প্রবধানন্দজি মহারাজ। প্রথমে তিনি সাগরে গঙ্গাস্নান করেন এবং কপিলমুনি মন্দিরে পুজো দেন। এরপর মন্দির প্রাঙ্গণে সাধু-সন্তদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে আগামী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন সরকারের আমলে এটাই প্রথম গঙ্গাসাগর মেলা হতে চলেছে। মেলাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রসঙ্গে স্বামী প্রবধানন্দজি আশা প্রকাশ করেছেন যে, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। কুম্ভ মেলার সমতুল্য এই পুণ্যভূমিতে বিগত বছরের তুলনায় দ্বিগুণ সংখ্যক পুণ্যার্থী ও দেশ-বিদেশের তীর্থযাত্রীদের সমাগম হবে বলেই মনে করছেন তিনি।