ডিএ বৃদ্ধির সঙ্গে মিলবে অতিরিক্ত ১০ হাজার টাকা! ভোটের আগেই বড় ঘোষণা, এদিকে বাংলার কর্মীদের কপালে কী রয়েছে?

রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ফের এক দফায় এল দারুণ খুশির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে এক ধাক্কায় ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
হিমাচল প্রদেশে ডিএ বৃদ্ধি ও বকেয়া টাকা জমা
সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহলে। দীপাবলির মরশুমের রেশ কাটতে না কাটতেই রাজ্যবাসীর জন্য এই সুখবর সামনে আনে হিমাচল প্রদেশ সরকার। সবমিলিয়ে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে চলতি বছরের জন্য ৪ শতাংশ ডিএ এবং গত বছরের বকেয়া ১ শতাংশ ডিএ যুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে বকেয়া মহার্ঘ ভাতার টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ২ লক্ষ ৭৫ হাজার সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হচ্ছেন। পাশাপাশি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এই কর্মীরা ডিএ বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা পর্যন্ত নগদ সুবিধা পাবেন।
বাংলার সরকারি কর্মীদের ডিএ পরিস্থিতি ও বকেয়ার দাবি
হিমাচল প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে ডিএ বৃদ্ধির এই জোয়ারের মাঝেই স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও। বাংলার সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ক্রমশ বেড়েই চলেছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারের তরফে ইতিপূর্বে ডিএ বৃদ্ধির নানা পদক্ষেপ করা হলেও, কেন্দ্রীয় হারের সঙ্গে এখনও বিরাট ব্যবধান রয়ে গেছে বলেই ক্ষুব্ধ কর্মচারী সংগঠনগুলি। কেন্দ্রের সঙ্গে এই ডিএ-র ব্যবধান কবে কমবে এবং রাজ্য সরকার আদৌ নতুন কোনো ঘোষণা করে কি না, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বাংলার লক্ষাধিক সরকারি কর্মী।