১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান আনল চিন! ১৯ যাত্রী নিয়ে আকাশে ওড়ার বড় চমক

ইলেকট্রিক গাড়ির পর এবার বিমান তৈরির ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিল চিন। ১০ টন ওজনের সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান সামনে এনেছে তারা। এই বিমানটি যেমন চালকবিহীন অবস্থায় উড়তে পারে, তেমনই প্রয়োজনে পাইলট নিয়েও আকাশে পাড়ি দিতে সক্ষম। বৈদ্যুতিক প্রপেলারযুক্ত এই সিই-২৫এ (CE-25A) বিমানটিতে একসঙ্গে ১৯ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং একবারে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এটি।

১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করার পর এবার প্রথমবারের মতো পাইলটসহ উড়ান সম্পন্ন করল বিমানটি। পূর্ব চিনের শানডং প্রদেশের বিনঝৌতে এই উড়ানের সময় বিমানে দু’জন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

সিই-২৫এ হলো কোমাক (COMAC)-এর তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। মূলত শহরগুলির মধ্যে বাণিজ্যিক ফ্লাইটের জন্যই এটি তৈরি করা হয়েছে। বিমানটির সর্বোচ্চ টেক-অফ ওজন ১০ টন, ক্রুজিং স্পিড ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং উড়ানের সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। কয়েক মাস ধরে চালকবিহীন পরীক্ষামূলক উড়ান চলার পর এই সাফল্য এসেছে। গত ২ ফেব্রুয়ারি প্রথমবার স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল এই বিমানটি। মানুষ নিয়ে উড়ানের অনুমতি পাওয়ার আগে মোট ১৯টি অটোমেটিক পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করে বিমানটি।

ইঞ্জিনিয়ারিং টিম জানিয়েছে, পরীক্ষার সময় বিমানের সমস্ত সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করেছে এবং প্রত্যাশা অনুযায়ীই সাড়া দিয়েছে। পাশাপাশি, চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (CAAC) পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ ছাড়পত্র মিলেছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই বিমানের টাইপ সার্টিফিকেটের আবেদন গ্রহণ করেছে। বাণিজ্যিক যাত্রীবাহী বিমানকে জনসাধারণের ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে এই নিয়ন্ত্রক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখনও পর্যন্ত এই বিমানের দাম বা বাণিজ্যিক উৎপাদন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। তবে এর ৪০০ কিলোমিটারের উড়ানসীমা এবং বৈদ্যুতিক প্রযুক্তি অভ্যন্তরীণ বিমান পরিষেবার ক্ষেত্রে বড় বদল আনতে পারে। বিদ্যুৎচালিত হওয়ায় বিমানের ভাড়া অনেকটাই কম হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া চালকবিহীন অবস্থায় উড়ান চালানোর সুবিধা থাকায় বিমান সংস্থাগুলোর খরচও উল্লেখযোগ্যভাবে কমবে। সবমিলিয়ে, অভ্যন্তরীণ বিমান পরিষেবার চাহিদা বাড়ার এই সময়ে চিনের এই নতুন বিমানটি বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *