চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ইতিহাসের কড়া নিরাপত্তা! প্রথমবার নামছে আধা সামরিক বাহিনী, রইল বড় আপডেট

উৎসবের মরশুমের শেষ পর্যায়ে এসে জমজমাট জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর পর এবার আলোয় সেজে উঠেছে চন্দননগর। সোমবার মহাসপ্তমীর আগের ষষ্ঠীতেই আলোর রোশনাইয়ে ভাসছে শহর। তবে সাধারণ উৎসবের আনন্দের পাশাপাশি এবার নিরাপত্তার দিক থেকেও নজিরবিহীন পদক্ষেপ করেছে প্রশাসন। সাম্প্রতিক নানা ঘটনার জেরে বাড়তি সতর্কতায় চন্দননগরে এবার প্রথমবার মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তার দায়িত্ব সামলাতে মোট ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং ৩ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণত যেখানে অতীতে প্রায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন থাকত, সেখানে এবার নিরাপত্তার বহর বহুলাংশে বাড়ানো হয়েছে। গোটা শহরকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ৪৪৬টি পুজোকে ৫টি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। পাশাপাশি জলপথ, রেললাইন এবং সড়কপথে চালানো হচ্ছে কড়া পুলিশি টহল। ভিড় নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুজো কমিটিগুলোকে মণ্ডপের যাতায়াত পথ প্রশস্ত করার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যেসব মণ্ডপে জনসমাগম বেশি হয়, সেখানে অতিরিক্ত পুলিশ ও সিভিল ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।
যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও চালু করা হয়েছে। পুজোর কদিন দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত শহরের নির্দিষ্ট রুটগুলিতে যান চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণ ‘নো এন্ট্রি’ বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবমিলিয়ে, উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নির্বিঘ্ন আনন্দ দিতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন এবার সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে।