হবু মা হয়ে দিনে ১০০ সিগারেট! আলিয়া ভাটের জন্মের আগের অজানা সত্যি ফাঁস করলেন সোনি রাজদান!

গর্ভাবস্থায় চিকিৎসকেরা নানা নিয়ম মেনে চলার কঠোর পরামর্শ দেন, আর নেশার জিনিস তো একেবারেই নিষিদ্ধ। কিন্তু বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনি রাজদান নাকি দিনে একশোটি পর্যন্ত সিগারেট খেয়েছিলেন! তাও আবার সেই সময়ে, যখন তাঁর গর্ভে বেড়ে উঠছিল ছোট্ট আলিয়া ভাট। কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে হবু মা হয়েও এমন বিপজ্জনক কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে সেই ফেলে আসা দিনগুলির অবিশ্বাস্য স্মৃতিচারণ করেছেন সোনি রাজদান নিজেই।
ঘটনাটি ১৯৯৩ সালের। তখন পরিচালক মহেশ ভাটের ‘গুমরাহ’ ছবির শুটিং চলছে জোরকদমে। সেই শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ওই ছবির একটি বিশেষ ধূমপানের দৃশ্যের জন্য তাঁকে সারাদিনে একশোটা সিগারেট ফুঁকতে হয়েছিল। সবচেয়ে বড় কথা, তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে তখন আলিয়া তাঁর গর্ভে রয়েছে। সোনি জানান, তিনি ব্যক্তিগত জীবনে একেবারেই ধূমপান করেন না, কিন্তু ওই একটি দৃশ্যের সুবাদে তাঁর মধ্যে মারাত্মক ক্রেভিং বা আসক্তি তৈরি হয়ে গিয়েছিল।
শুধু সিগারেট খাওয়া নয়, ওই অন্তঃসত্ত্বা অবস্থাতেই একটি বিপজ্জনক ফাঁসির দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাঁকে। ওই তীব্র ঝুলে থাকার দৃশ্যের পর তিনি শুটিং থেকে একটি লম্বা বিরতি নেন। প্রায় পাঁচ মাস পরে যখন তিনি আবার সেটে ফিরে আসেন, তখন তাঁর আগের কস্টিউমগুলো আর শরীরে ফিট হচ্ছিল না। বেবি বাম্প বেশ স্পষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ছবি নির্মাতাদের তাঁর পোশাকের মাপ বদল করতে হয়েছিল।
তবে শুধু আলিয়ার সময়ই নয়, তাঁর দিদি শাহিনের জন্মের আগেও সমানতালে কাজ চালিয়ে গেছেন সোনি। ১৯৮৬ সালে জনপ্রিয় টেলিভিশন শো ‘বুনিয়াদ’-এর শুটিং চলাকালীন তিনি প্রথমবার গর্ভবতী হন। সেই সময়ে তাঁরা আন্ধেরির লোখন্ডওয়ালায় থাকতেন, যা তখন আজকের মতো জনবহুল ছিল না। সকালবেলা যাতায়াতের জন্য একটা ট্যাক্সি পর্যন্ত পাওয়া যেত না। তবে শোয়ের নির্মাতারা অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। ভোর ৬টায় যাতায়াতের জন্য তাঁরাই গাড়ির বিশেষ ব্যবস্থা করে দিতেন। সেটেও হবু মায়ের বাড়তি যত্ন নেওয়া হতো।
নব্বইয়ের দশকে বর্তমানের মতো কর্মক্ষেত্রে মাতৃত্বের পরিবেশ এত সহজ ছিল না। প্রযোজকেরা সবসময় ভয়ে থাকতেন, যদি হবু সন্তান বা নায়িকা অসুস্থ হয়ে পড়েন এবং তাঁরা কাজ মাঝপথে ছেড়ে চলে যান। এই কারণে প্রযোজকদের অতিরিক্ত মানসিক চাপ এড়াতে সেই যুগে গর্ভাবশার বিষয়টি গোপন রাখতে হতো। ১৯৯৫ সালে ‘আ মাউথফুল অফ স্কাই’ সিরিয়ালের শুটিং চলাকালীন একটি চরম আতঙ্কের মুহূর্তের কথাও শোনান সোনি। সেটে হঠাৎ খবর আসে, তাঁর দুই ছোট মেয়ে বাইরে কোথাও আটকে পড়েছে। সেই মুহূর্তে সেটে বসে কীভাবে বাচ্চাদের নিরাপদে ঘরে ঢোকাবেন কিংবা প্রতিবেশীর কাছে রাখবেন, তা ভেবে তাঁর রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল। সেই ভয়ঙ্কর টেনশনের কথা আজও তিনি ভুলতে পারেননি।
অবশ্য সময় এখন অনেকটাই বদলে গেছে। যুগের পরিবর্তন হয়েছে কাজের সংস্কৃতিতে। আলিয়া ভাট নিজে যখন মা হতে চলেছিলেন, তখন তিনি সমান তালে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবির কঠিন শুটিং করেছেন। পাশাপাশি সামলেছেন ‘ডার্লিংস’ ছবির প্রযোজকের দায়িত্বও। সমস্ত সামাজিক ও পেশাগত বাধা পেরিয়ে মেয়েকে এইভাবে স্বাধীনভাবে কাজ করতে দেখতে পেরে আজ দারুণ খুশি আলিয়া-কন্যে রাহার গর্বিত দিদিমা সোনি রাজদান।