ব্রেকের বালাই নেই! চালকের শত সতর্কবার্তায় কান না দিয়ে বন্দে ভারতকে ৪৬৩ কিমি ছোলাল রেল?

কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুতের রেশ কাটতে না কাটতেই রেলের নিরাপত্তা নিয়ে ফের তীব্র প্রশ্ন উঠল। ব্রেকিং সিস্টেম পুরোপুরি কাজ না করা সত্ত্বেও, চালকের বারংবার সতর্কতা উপেক্ষা করে বন্দে ভারত ট্রেন ৪৬৩ কিলোমিটার পথ ছোটানোর অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের এই ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর। একটি বন্দে ভারত চেয়ার কারের রেক ফ্রেট লোকোমোটিভ বা মালগাড়িতে করে ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তর প্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত ট্রেনের রেকের ব্রেকিং সিস্টেমের সঙ্গে যে মালগাড়ির ইঞ্জিনটি টেনে নিয়ে যাচ্ছিল, তা সঠিকভাবে যুক্ত করার কথা ছিল। কিন্তু অভিযোগ, সেই কাজ করা হয়নি। ট্রেন ছাড়ার আগেই রেলের কর্মীরা ব্রেকের সমস্যা নিয়ে সতর্ক করলেও কেউ তাতে কর্ণপাত করেননি।
অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা
হাতিয়া থেকে রওনা দেওয়ার পর লোকোপাইলট ব্রেক পাওয়ার টেস্ট করতে গিয়ে বুঝতে পারেন যে ব্রেকিং সিস্টেম প্রায় সম্পূর্ণ অচল। কন্ট্রোলকে জানিয়েও কোনো লাভ হয়নি। এরপর রাঁচী পৌঁছে লোকোপাইলট সেকশন ও ট্রাকশন লোকো কন্ট্রোলারের কাছে লিখিত অভিযোগ জানান। কিন্তু তা সত্ত্বেও ট্রেনটিকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এমনকী মুরি স্টেশন থেকে যিনি ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন, সেই দ্বিতীয় লোকোপাইলটও ব্রেকের সমস্যা নিয়ে কন্ট্রোলারের কাছে অভিযোগ জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ব্রেক পাইপ প্রেশার নামানোর পরেও ব্রেক কাজ করছে না। অবশেষে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর পরীক্ষা করে দেখা যায়, ট্রেনের সমস্ত কোচের ব্রেকিং সিস্টেমই অচল হয়ে রয়েছে। একমাত্র ইঞ্জিনের ব্রেকের ভরসাটেই বিপজ্জনকভাবে ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেনটি।
কাদের গাফিলতি সামনে এল?
গত ৭ নভেম্বর রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পরই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ক্যারেজ ও ওয়াগন কর্মীদের পাশাপাশি সেকশন ও ট্রাকশন কন্ট্রোলারদের চরম গাফিলতি ধরা পড়েছে। ট্রেন ছাড়ার আগে কর্মীরা যে প্রতিটি কোচের ব্রেক সঠিকভাবে পরীক্ষা করেননি, তাও স্পষ্ট হয়ে গিয়েছে। বারংবার সতর্কবার্তা পাওয়ার পরেও কোন যুক্তিতে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।