দুষ্কৃতীর গুলিতে জখম কনস্টেবল থেকে এনকাউন্টারে রতন শেখের খতম! বীরভূম কাণ্ডে ২৪ ঘণ্টায় চরম নাটক

বীরভূমের শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। রবিবার সকালে গ্রিন করিডোর তৈরি করে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরাসরি কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

কী ঘটেছিল গত শুক্রবার? গত শুক্রবার সন্ধ্যায় বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজারে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। ওই গুলিতেই কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে আঘাত লাগে। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর বাঁ পায়ের অপারেশন করে গুলি বের করা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও ২৪ ঘণ্টার মধ্যে এনকাউন্টার: ঘটনার পরই শনিবার জখম কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিকেলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, পুলিশের এই রক্ত বৃথা যাবে না এবং দোষীকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক পরেই রবিবার বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় অভিযুক্ত রতন শেখের।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রতন শেখকে গ্রেপ্তার করার পর সে অপরাধের কথা স্বীকার করে এবং কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে তা জানায়। এরপর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুর থানার উচকরণ বোল্ড ব্রিক ফিল্ড এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে উদ্ধার অভিযানের সময় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে সে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় রতন। দ্রুত তাকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিৎ: এদিকে, রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর বিশ্বজিৎ দাসকে উডবার্ন ব্লকের ইউনিট থ্রী কেবিনে ভর্তি করা হয়েছে। তাঁর সুচিকিৎসার জন্য জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক সার্জারির চিকিৎসকদের নিয়ে একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অর্থোপেডিক বিভাগীয় প্রধান নিলেশ দুগর-এর অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তাঁর বাঁ পায়ে আরও একটি সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *