লাইনে সুরক্ষার সঙ্গে মানসিক স্বাস্থ্যও জরুরি, শিয়ালদহে রেলকর্মীদের জন্য বড় পদক্ষেপ

যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে প্রতিদিন রেলের চাকা ঘোরান তাঁরা। কিন্তু এই দীর্ঘ যাত্রার নেপথ্যে লোকো পাইলট ও রানিং স্টাফদের মানসিক চাপ কতটা, তা কি আমরা ভেবে দেখি? এবার এই গুরুত্বপূর্ণ দিকটিতে বিশেষ নজর দিল পূর্ব রেল। সম্প্রতি শিয়ালদহের ক্রু লবিতে লোকো পাইলটদের জন্য একটি বিশেষ স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ কমানোর কর্মসূচির আয়োজন করা হয়।
রেল কর্মীদের মানসিক স্বাস্থ্য উন্নত করা এবং কাজের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল। শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনার নেতৃত্বে এই বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে রেলে কর্মরত কর্মীদের প্রতিদিনের কাজের নানা চ্যালেঞ্জ ও সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসকরাও। এসিএমএস ডাঃ সঞ্জীব চৌধুরী কর্মক্ষেত্রে মানসিক চাপ কীভাবে তৈরি হয়, তার লক্ষণগুলি চেনার উপায় এবং তা মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে কর্মীদের সচেতন করেন। পাশাপাশি, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবদত্তা পতি লোকো পাইলট ও রেলের অন্যান্য রানিং স্টাফদের জন্য মানসিক চাপ কমানোর কিছু সহজ ও কার্যকরী কৌশল তুলে ধরেন। তাঁর আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কীভাবে কাজের প্রতি মনোযোগ বাড়ানো সম্ভব, মানসিকভাবে শক্ত থাকা যায় এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা যায়।
রেলের এই অভিনব উদ্যোগে দারুণ সাড়া মিলেছে। অনুষ্ঠানে উপস্থিত লোকো পাইলট এবং ক্রু সদস্যরা এই ধরনের আয়োজনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে পূর্ব রেল যে সবসময় কতটা গুরুত্ব দেয়, এই উদ্যোগ তারই আরও একটি প্রমাণ।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, নিরাপদ ও নির্বিঘ্ন ট্রেন চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের লোকো পাইলটদের মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নিয়মিত স্বাস্থ্য ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের ফ্রন্টলাইন কর্মীদের পাশে থাকতে পূর্ব রেল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।