হ্যাঁ, না থেকে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সরে দাঁড়ানো! ২০০৪-এর রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে বিস্ফোরক সোনিয়া গান্ধী

২০০৪ সালের লোকসভা নির্বাচন। দেশজুড়ে তখন একটাই জল্পনা—দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? রাজনৈতিক মহলে সবচেয়ে বড় নাম হিসেবে সামনে এসেছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। প্রথমে স্পষ্ট ‘না’, তারপর জোট নেতাদের প্রবল চাপে পড়ে অনিচ্ছাসত্ত্বেও সম্মতি এবং সবশেষে নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো—ঠিক কী ঘটেছিল পর্দার আড়ালে? নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ সেই সমস্ত রাজনৈতিক চাপ, পারিবারিক উদ্বেগ এবং অন্তর্দ্বন্দ্বের চাঞ্চল্যকর বিবরণ তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

শুরু থেকেই ছিল ঘোর অনীহা স্মৃতিকথায় সোনিয়া স্পষ্ট জানিয়েছেন যে, তিনি শুরু থেকেই দেশের প্রধানমন্ত্রী পদে বসার ঘোর বিরোধী ছিলেন। কিন্তু ২০০৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস এবং জোটের শীর্ষ নেতাদের তীব্র চাপ ও ক্রমাগত দাবির মুখে পড়ে তাঁর অবস্থান কিছুটা টলেছিল। প্রথমে বারবার ‘না’ বলার পরও, চতুর্মুখী রাজনৈতিক চাপের মুখে পড়ে তিনি একপ্রকার অনিচ্ছাসত্ত্বেও বলে ফেলেছিলেন, ‘ঠিক আছে’। আর এই একটি বাক্যই তৈরি করেছিল এক গভীর পারিবারিক সংকট।

ইন্দিরা-রাজীবের মৃত্যুভয় ও সন্তানদের বাধা পরিবারের অতীতের ট্র্যাজেডি অর্থাৎ ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল সোনিয়া-সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে। মায়ের ওপর ফের কোনো বড় রাজনৈতিক আঘাত আসতে পারে—এই চরম আতঙ্ক সবসময় তাড়া করে বেড়াচ্ছিল তাঁদের। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, নির্বাচনের কয়েক মাস আগে রাহুল ও প্রিয়াঙ্কা যখন তাঁকে প্রশ্ন করেছিলেন যে দল জিতলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তখন তিনি স্পষ্ট ভাষায় ‘একেবারেই না’ বলে দিয়েছিলেন। মায়ের সেই আশ্বাসে সে সময় কিছুটা স্বস্তি পেয়েছিলেন ভাই-বোন।

কিন্তু ভোটের পর দশ জনপথে জোট নেতাদের প্রচণ্ড চাপের মুখে সোনিয়া যখন নিজের সিদ্ধান্ত বদলানোর কথা ভাবেন, তখন তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। ছেলে রাহুল গান্ধীর গভীর অসন্তোষ ও ভয় এবং পরবর্তীতে পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখেই নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন তিনি। রাজীব গান্ধী কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেই নাটকীয় বৈঠক এবং সন্তানদের আবেগের কথা ভেবেই শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন সোনিয়া গান্ধী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *