পথেই দেখা গিয়েছিল ধোঁয়া! ২৬ মিনিট পরীক্ষার পরেও কীভাবে বিপদে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?

অসমের দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। রেলমন্ত্রকের গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি তাদের প্রাথমিক রিপোর্টে পরিষ্কার জানিয়েছে যে, এই দুর্ঘটনা পুরোপুরি মানুষের ভুলের কারণে ঘটেছে। ইঞ্জিনের ডেটা লগার এবং সংশ্লিষ্ট কর্মীদের বয়ান খতিয়ে দেখার পরই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, দুর্ঘটনার মুহূর্তে ট্রেনের অ্যাঙ্গল কক বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যার ফলে ট্রেনের কোনো ব্রেকই কাজ করেনি।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গুয়াহাটি পর্যন্ত ট্রেনটি একেবারে ঠিকঠাকভাবেই চলছিল। নারকেলডাঙা ইয়ার্ড থেকে ইঞ্জিনটি কলকাতা স্টেশনে আনা হয়েছিল এবং তারপরে সেটি সাইরাংয়ের দিকে রওনা দেয়। গুয়াহাটিতে ট্রেনটি দশ মিনিট দাঁড়িয়েছিল এবং সেই সময়ও ব্রেক সিস্টেম পরীক্ষা করে দেখা হয়েছিল, তখন কোনো সমস্যা ধরা পড়েনি।

তবে এরপরে ঠাকুরকুচি স্টেশন দিয়ে ট্রেনটি যাওয়ার সময়ে প্রথম নজরে আসে যে, লোকোমোটিভের পাশে থাকা পাওয়ার কার্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে বিষয়টি লোকো পাইলট ও সহকারীকে জানানো হয়। এরপর ট্রেনটিকে পানবাড়ি স্টেশনে নিয়ে এসে ব্রেক বাইন্ডিং পরীক্ষা করা হয়। অতিরিক্ত ঘর্ষণের ফলে ট্রেনের একটি অংশ লাল হয়ে গিয়েছিল। সেখানে প্রায় ২৬ মিনিট ধরে পরীক্ষা ও পরিচর্যা চলে।

সবকিছু স্বাভাবিক মনে হওয়ার পরেই পানবাড়ি থেকে ট্রেনটি আবার রওনা দেয়। কিন্তু এরপরে জন শতাব্দী এক্সপ্রেসকে পাস করানোর জন্য ট্রেনটিকে লুপ লাইনে নেওয়ার নির্দেশ আসে। নিয়ম অনুযায়ী লুপ লাইনে ঢুকেই ট্রেনটির থেমে যাওয়ার কথা ছিল। কিন্তু ত্রুটির কারণে সেই মুহূর্তে আর ব্রেক কাজ করেনি এবং ট্রেনটি সরাসরি গিয়ে লুপ লাইনের ডেড এন্ডে ধাক্কা মারে।

তদন্ত কমিটি জানাচ্ছে যে, ট্রেনটিতে আধুনিক কামরা ব্যবহার করার ফলে কোচগুলি উল্টে যায়নি এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনার নেপথ্যে থাকা সঠিক কারণ এবং গাফিলতির দায় কার, তা নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *