‘আসল দেশবিরোধী কে, তা দেশকে দেখাব!’ মোদীকে সরাসরি ওপেন ডিবেটের চ্যালেঞ্জ রাহুলের

দেশের রাজনীতিতে ফের উত্তাপ বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরাসরি খোলা মঞ্চে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। রাহুলের দাবি, এই বিতর্ক হলেই পরিষ্কার হয়ে যাবে দেশের আসল ‘দেশবিরোধী’ শক্তি কে।

রাজনৈতিক কেরিয়ার শেষ করার হুঙ্কার!

প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কে বসার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী দাবি করেন, এই ধরনের মুখোমুখি আলোচনা হলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার কার্যত শেষ হয়ে যাবে। তাঁর কথায়, “আমি বারবার এটা বলছি। আমার কথা মিলিয়ে নেবেন, প্রধানমন্ত্রী যদি আমার সঙ্গে বিতর্কে বসেন, তাহলে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। তিনি সেটা জানি, আর আমিও জানি।” রাহুলের আরও সংযোজন, “উনি আমাকে বারবার দেশবিরোধী বলেন। আমি গোটা দেশকে দেখাতে চাই আসল দেশবিরোধী কে, কে কার দ্বারা নিয়ন্ত্রিত, আর কতদিন ধরে।”

প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে বিস্ফোরক দাবি

এদিন ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান আচরণ নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, বর্তমানে প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে বিরত থাকছেন এবং যথেষ্ট সতর্ক হয়ে চলছেন। রাহুলের মতে, এর পিছনে স্পষ্ট কারণ রয়েছে এবং মোদীর মনে কোথাও একটা ভয়ের সঞ্চার হয়েছে।

বিরোধী নেতার এই নতুন চ্যালেঞ্জ এবং বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। শাসক শিবিরের তরফে এর কী প্রতিক্রিয়া আসে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *