পুরী যাওয়ার পথে পুণ্যার্থী বোঝাই বাসের ভয়ানক দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গের পুণ্যার্থী বোঝাই একটি বাস। শুক্রবার ভোরে ওডিশার জাজপুর জেলার বড়চানা থানা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

দুমড়েমুচড়ে গেল বাসের সামনের অংশ স্থানীয় সূত্রে খবর, বড়চানা থানার যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে পুরীর দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। ভোরের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে এবং ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার ধারে বসে পড়েন। কারও মাথা ফেটেছে, আবার কারও হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। কয়েকজন যাত্রীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকি আহতদের অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পলাতক বাসচালক ও কন্ডাক্টর প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল এবং আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, কিংবা বাস বা ট্রাকচালকের মধ্যে কেউ মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই বাসচালক এবং কন্ডাক্টরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

পঞ্জাবেও ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩ অন্যদিকে, বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে পঞ্জাবেও। বুধবার সাঙ্গরুর জেলায় একটি ওভারব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২৪ থেকে ২৫ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি সাঙ্গরুর থেকে ধুরি হয়ে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল। সাব-ইনস্পেক্টর মেহর সিং জানান, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছিল বাসটি। ওভারব্রিজের কাছে পৌঁছতেই হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *