“রসগোল্লা খাচ্ছো নাকি মৃত্যু?” মধ্যপ্রদেশে বন্ধুকে যা খাওয়াল প্রতিবেশি, তা দেখ শিউরে উঠবেন!

মিষ্টির লোভ দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! রসগোল্লা ভেবে অন্ধকার ঘরে দেশি বোমা মুখে পুরে ফেলায় বিস্ফোরণে মৃত্যু হলো এক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া গ্রামে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজেন্দ্র বরোতিয়া (৩৫)। গত মঙ্গলবার রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁর কাছে এসে হাজির হয় রাম ভগৎ বরোতিয়া নামে এক পরিচিত ব্যক্তি। দু’জনের মধ্যে কথাবর্তা ও আড্ডা চলার মাঝেই ঘটে ওই ভয়ানক কাণ্ড। অভিযোগ, রাম ভগৎ অন্ধকারে রাজেন্দ্রকে একটি দেশি বোমা বাড়িয়ে দিয়ে বলে যে সেটি একটি রসগোল্লা।
অন্ধকারের কারণে আসল সত্য বুঝতে না পেরে রাজেন্দ্র সেটি মুখের মধ্যে পুরে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই তাতে কামড় বসান। আর তাতেই ঘটে তীব্র বিস্ফোরণ। বিকট শব্দ শুনে ছুটে আসেন মৃতের স্ত্রী সুশীলা বাই ও প্রতিবেশীরা। স্ত্রীর বয়ান অনুযায়ী, পশুপাখি মারার জন্য ওই দেশি বোমাটি ব্যবহার করা হতো। রক্তে ভেসে যাওয়া রাজেন্দ্রকে দ্রুত অটোয় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
খبر পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গাপ্রসাদ নাগপুরে জানিয়েছেন, রাম ভগৎ এবং তাকে ওই বোমা সরবরাহকারী অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে জানা হচ্ছে যে রাজেন্দ্র ও রাম ভগতের মধ্যে পুরনো কোনো শত্রুতা ছিল কি না, কিংবা নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা ও বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।