দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার ছক! ফোন আসতেই শোরগোল রাজনৈতিক মহলে

টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে তাঁকে এবং তাঁর মেয়েকে—এমনই মারাত্মক হুমকি বার্তা পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল. তাঁর কাছ থেকে ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে. তবে সরাসরি তাঁকে নয়, কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম করে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে দলের এক বিধায়কের কাছে, যা বৃহস্পতিবার জানিয়েছে পঞ্জাব পুলিশ.

৭ কোটি টাকা দাবি ও হুমকির নেপথ্য কাহিনী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির তিলক নগরের আপ (AAP) বিধায়ক জরনৈল সিংকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে এই ভয় দেখানো হয়. ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে. সাফ জানানো হয়, অরবিন্দ কেজরিওয়াল ৭ কোটি টাকা না দিলে তাঁকে এবং তাঁর কন্যা হর্ষিতা কেজরিওয়ালকে নৃশংসভাবে হত্যা করা হবে.

এই ঘটনার জেরে গত ৬ নভেম্বর মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP)-এর কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক জরনৈল সিং. অভিযোগ পাওয়ার পরই মোহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে. পুরো সাইবার অপরাধের তদন্তের ভার দেওয়া হয়েছে সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর সুনীল কুমারের ওপর.

পুলিশ বর্তমানে অভিযুক্তের ফোন কলের ডিটেলস রেকর্ড (CDR), আইপি লগ এবং লোকেশন ট্র্যাক করে সমস্ত দিক খতিয়ে দেখছে. পাশাপাশি, এই ঘটনার পর কেজরিওয়াল ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট বিধায়ক.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *