জঙ্গলমহলে মাটির ক্ষতি না করেই পরিবেশবান্ধব শিল্প! ১ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলের উন্নয়নে পরিবেশবান্ধব শিল্পায়ন এবং কর্মসংস্থানের এক বিশাল রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে আয়োজিত জনজাতি সম্প্রদায়ের বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দিয়ে জঙ্গলমহলের যুবসমাজ ও সাধারণ মানুষের জন্য একাধিক বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, জঙ্গলমহলের তরুণ প্রজন্মকে কাজের সন্ধানে আর ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না, এবার ঘরের পাশেই মিলবে কর্মসংস্থানের সুযোগ।

এদিন জঙ্গলমহলের উন্নয়নে শিল্পায়নের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া ও বাঁকুড়ায় এমন শিল্প গড়ে তোলা হবে যা সম্পূর্ণ পরিবেশবান্ধব হবে। তিনি জোর দিয়ে বলেন, “কোনও পাহাড় বা জঙ্গলে হাত দিতে দেব না। নদী, জল, জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব আমাদের। প্রকৃতি আমাদের মা, প্রকৃতিকে আমরা পুজো করি।” শিল্পের জন্য জমি অধিগ্রহণ প্রসঙ্গে তাঁর আশ্বাস, জোর করে নয়, যাঁরা স্বেচ্ছায় জমি বিক্রি করতে চান, সরকার তাঁদের কাছ থেকেই জমি কিনবে। সেই জমিতে পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে শিল্পের উপযোগী পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি, বালি পাচার রোধে কড়া পদক্ষেপ করে অবৈধ খাদান বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

বাম ও আগের তৃণমূল আমলের দিকে আঙুল তুলে জঙ্গলমহলে বঞ্চনার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত দিনে জঙ্গলমহলের ভূমিপুত্র ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চরম অবহেলার শিকার হয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে বরাদ্দ বহুলাংশে বাড়িয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়ার ১৮ লক্ষের বেশি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় এসেছেন বলে জানান তিনি। সেই সঙ্গে আগামী দিনে আবাসন প্রকল্পের আওতায় আরও ২ লক্ষ ৯৫ হাজার ৮২টি বাড়ি নির্মাণ করা হবে এবং আগামীকাল শুক্রবারই ৭ লক্ষ আবাস-প্রাপকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে বলে ঘোষণা করেন।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই পুলিশে ১১ হাজার চাকরি হয়েছে এবং আগামী ১ বছরের মধ্যে রাজ্যে ১ লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে। তোষণের রাজনীতি চিরতরে মুছে ফেলার বার্তা দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের বন্ধু, কুটুম্ব। কথা দিয়ে গেলাম, জঙ্গলমহলের উন্নয়নে কোনও কার্পণ্য করব না।” এছাড়া জনজাতি শিক্ষার প্রসারে ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়াতেও একটি নতুন জনজাতি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিনের বাঁদনা পরবের মঞ্চে কুড়মি, সাঁওতাল, মুণ্ডা, শবর-সহ বিভিন্ন জনজাতির নিজস্ব সংস্কৃতির মিশ্র রূপ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। সমস্ত জনজাতির সংস্কৃতিকে এক ছাতার তলায় এনে সামাজিক ঐক্য গড়ার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ৬ মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার বাঁকুড়া সফরে এলেন শুভেন্দু। আগামী ১৫ নভেম্বর বেলপাহাড়ির শিলদায় এবং ২১ নভেম্বর ফের শিলদায় যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পরিবেশ রক্ষা, শিল্পায়ন, কর্মসংস্থান এবং জনজাতি সংস্কৃতির স্বীকৃতি—এই চার স্তম্ভকে সামনে রেখে জঙ্গলমহলের ভবিষ্যৎ উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এখন রাজনৈতিক মহলের কেন্দ্রবিন্দুতে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *