পরিষ্কার আকাশ, বৃষ্টির নামগন্ধ নেই! হঠাৎ শিলাবৃষ্টির তান্ডবে নিমেষেই বরফের চাদরে ঢাকল মালদহের বিস্তীর্ণ এলাকা

ধান কাটার ঠিক আগে প্রকৃতির এক নিষ্ঠুর রূপ দেখল মালদহের হবিবপুর ব্লকের মানুষ। আকাশ একদম পরিষ্কার, বৃষ্টির কোনোরকম পূর্বাভাসও ছিল না। অথচ হঠাৎ করেই আকাশ থেকে হুড়মুড় করে নেমে এল বিশালাকার বরফের চাঁই। স্থানীয় বাসিন্দাদের মতে, একে সাধারণ শিলাবৃষ্টি বলা চলে না, মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারপাত শুরু হয়েছে। এই আকস্মিক ও অদ্ভুত প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যে সাদা বরফে ঢেকে যায় রাস্তাঘাট ও বাড়িঘর। আর তার জেরে হাজার হাজার বিঘা জমির পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের।
ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়। হবিবপুর ব্লকের জাজৈল, আকতৈল এবং বৈদ্যপুর—এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫ থেকে ২০টি গ্রামে তাণ্ডব চালায় এই অদ্ভুত শিলাবৃষ্টি ও ঝড়। কৃষকদের অভিযোগ, কদিন বাদেই সোনালী ধান ঘরে তোলার কথা ছিল। ঋণ নিয়ে যারা এই চাষ করেছিলেন, চোখের সামনে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন তাঁরা দিশাহারা। ধান ছাড়াও এই ঝড়ে এলাকার কয়েকশো কাঁচা ও পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় বড় শিলার আঘাতে বহু বাড়ির টিনের চালে চালনির মতো ছিদ্র হয়ে গেছে। কোথাও কোথাও ঘরের দেওয়াল ও ছাদের অংশ ভেঙে পড়েছে। এছাড়া ভেঙে পড়েছে কালীপুজোর গেট এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি, যার ফলে গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, হবিবপুরের এই তিনটি গ্রাম পঞ্চায়েতে যখন এই তাণ্ডব চলছে, তার ঠিক বাইরে বাকি এলাকায় বা গোটা মালদহ জেলা জুড়েই আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল। কোথাও এক ফোঁটা বৃষ্টির নামগন্ধও ছিল না। শুধু ওই নির্দিষ্ট কয়েকটি গ্রামেই কিছু সময় ধরে এই চরম তাণ্ডব চলে। আবহাওয়ার এমন খামখেয়ালী আচরণে শুধু মালদহ নয়, জলপাইগুড়ি জেলাতেও বুধবার একই রকম ছবি দেখা গিয়েছে। আচমকা এই দুর্যোগের পর চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ও কৃষকরা।