“আগে সব ছিল, শুধু ভিশন ছিল না!” পুরনো সরকারকে ধুয়ে দিয়ে দিল্লির যৌথ মঞ্চে কী বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

আন্তর্জাতিক কূটনৈতিক ও সামাজিক মানচিত্রে এক নতুন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছে পশ্চিমবঙ্গ। দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় প্রথমবার আয়োজিত হতে চলেছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘১৯তম প্রবাসী ভারতীয় দিবস’ (PBD) সম্মেলন। আগামী ২০২৭ সালের ৭ থেকে ৯ জানুয়ারি কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের এই মেগা সম্মেলন। বুধবার জাতীয় রাজধানী নয়াদিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলনের অফিশিয়াল ওয়েব পোর্টালটির শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
দিল্লিতে ওয়েব পোর্টাল উন্মোচন ও শুভেন্দুর বড় বার্তা
২০১৫ সাল থেকে প্রতি বছর বা দুই বছর অন্তর দেশের বিভিন্ন রাজ্যে এই মেগা সম্মেলনের আয়োজন করে আসছে বিদেশ মন্ত্রক। এর আগে ওড়িশা, বেঙ্গালুরু কিংবা গুজরাতের গান্ধীনগরে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও এবার প্রথম দায়িত্ব পেয়েছে বাংলা। অফিশিয়াল ওয়েব পোর্টাল চালুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গকে এই মেগা ইভেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে, তার জন্য সমগ্র বাংলা গর্বিত।”
সাবেক বাম ও তৃণমূল জমানাকে নাম না করে কড়া নিশানা বানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “৪৯ বছর বাংলায় কেন্দ্র ও রাজ্যের একই সরকার ছিল না। এর ফলে কোনো সদিচ্ছা দেখা যায়নি। কোনো বড় অনুষ্ঠান করতে বলা হলেও তা করা হতো না। তবে আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকতে হবে এমন কোনো কথা নেই। আগে আমাদের সব ছিল, শুধু ভিশন ছিল না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও যোগ করেন, “মোদিজির মূল মন্ত্র—কথা কম, কাজ বেশি। আমরা সেটাই করে দেখাতে চাই এবং সব জায়গার অভিজ্ঞতার চেয়ে কলকাতাকে সেরা করে তোলাই আমাদের চ্যালেঞ্জ।”
মোদি-দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রবাসীদের সম্মান
সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “কলকাতা শুধু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনে কলকাতা তথা বাংলার অবদান অপরিসীম।”
তিনি জানান, আগামী ৭-৯ জানুয়ারির এই ঐতিহাসিক মহাসম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে সশরীরে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি বিশ্বমঞ্চে কৃতী প্রবাসী ভারতীয়দের হাতে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ তুলে দেবেন। ১ ৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন; সেই স্মরণীয় দিনটিকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ৯ জানুয়ারি এই উদযাপনের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ও পর্যটন
সারা বিশ্ব থেকে অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেশের নাড়ির টান আরও মজবুত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। চালু হওয়া অফিশিয়াল পোর্টালে অতিথিদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে কেনাকাটার ঠিকানা, ট্রাভেল এজেন্ট, দক্ষিণেশ্বর-কালীঘাট কিংবা স্বামী বিবেকানন্দের জন্মভিটের মতো দর্শনীয় ও রাজনৈতিক-ধর্মীয় স্থানের তথ্য এক ক্লিকেই মিলবে। প্রবাসীদের বাংলায় আসার আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ, নেতাজি থেকে বিদ্যাসাগরের বাংলা সংস্কৃতি ও সাহিত্যের কেন্দ্রস্থল। জানুয়ারির শীতে এই আন্তর্জাতিক মেগা ইভেন্টকে সাফল্যমণ্ডিত করতে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে পুরোপুরি প্রস্তুত।”