ঠিক যেন ‘Special 26’, CBI সেজে নিজাম প্যালেসে এলো ৩ জন, তারপর যা হলো?

ঠিক যেন বলিউড ব্লকবাস্টার সিনেমা ‘স্পেশাল ২৬’-এর জীবন্ত চিত্রনাট্য! সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক সেজে সিবিআইয়েরই ডেরা নিজাম প্যালেসে হানা দিল প্রতারকের দল। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর দপ্তর থেকে নিয়োগ সংক্রান্ত গোপনীয় নথিপত্র হাতানোর চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন ভুয়ো সিবিআই অফিসার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার এজেসি বোস রোডের নিজাম প্যালেসে।

ঘটনার শুরু ঠিক কীভাবে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর আড়াইটে নাগাদ একটি নীল বাতি লাগানো টাটা নেক্সন গাড়িতে (WB17D1977) চেপে নিজাম প্যালেসে প্রবেশ করে মূল অভিযুক্ত বিপ্রর্ষি বসু এবং শুভম সাগর তাঁতি। গাড়িটির কাচে স্পষ্ট অক্ষরে লেখা ছিল ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ এবং সেটিকে সিবিআই-এর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP)-এর সরকারি গাড়ি হিসেবে দেখানো হয়েছিল।

নিজাম প্যালেসের এমএসও বিল্ডিংয়ের আটতলায় অবস্থিত এসএসসি (SSC)-র মূল দপ্তরে সোজাসুজি ঢুকে পড়ে তারা। সেখানে গিয়ে বিপ্রর্ষি বসু নিজেকে সিবিআইয়ের ডিএসপি এবং শুভম নিজেকে সাব-ইনস্পেক্টর হিসেবে পরিচয় দেয়। নিজেদের ভুয়া সিবিআই পরিচয়পত্র এবং কিছু ভুয়া চাকরিপ্রার্থীর নথিপত্র দেখিয়ে সরকারি তদন্তের বাহানায় নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গোপন প্রশাসনিক রেকর্ড ও ফাইলপত্র দেখতে চায় তারা।

কীভাবে ফাঁস হলো পর্দা?

তাদের কথাবার্তা এবং চালচলনে দ্রুত সন্দেহ জাগে অফিসে কর্মরত আসল এসএসসি আধিকারিকদের। আধিকারিকরা কালবিলম্ব না করে নিজেদের মতো পাল্টা জিজ্ঞাসাবাদ শুরু করতেই বিপাকে পড়ে যায় দুই প্রতারক। একের পর এক প্রশ্নে থতমত খেয়ে নিজেদের উপস্থিতির সঠিক কারণ কিংবা কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। শেষমেশ সাঁড়াশি চাপের মুখে পড়ে স্বীকার করে নেয় যে, তাদের পরিচয়পত্র ও সমস্ত নথি জাল।

ঘটনার আকস্মিকতায় আধিকারিকরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেফতার করে।

পুলিশের জালে মোট ৩, বাজেয়াপ্ত একাধিক জাল নথি

পরবর্তীতে প্রধান অভিযুক্ত বিপ্রর্ষি বসুকে হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিজাম প্যালেস চত্বর থেকে মূল অভিযুক্তদের ব্যবহৃত নেক্সন গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি এই চক্রে যুক্ত পল্লব মণ্ডল নামে আরও এক অভিযুক্তকে জালে তোলে ভবানীপুর থানার পুলিশ। ধৃত তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল সিবিআই ব্যাজ, ভুয়া এসএসসি নথি ও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী।

আইনি পদক্ষেপ

ভবানীপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৪০(২), ৩৩৯, ৩১৮(২), ৩১৯(২), ২০৪, ২০৫ এবং ৬১(২) ধারায় ২৬৯ নম্বর মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে জালিয়াতি, প্রতারণা, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো জামিনঅযোগ্য ধারা অন্তর্ভুক্ত রয়েছে। এই চক্রের নেপথ্যে আরও কোনো বড় কোনো নিয়োগ জালিয়াতির আন্তর্জাতিক বা রাজ্যভিত্তিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *