৪৮ কিলোমিটার দূরের লক্ষ্য ছারখার! তৈরি বিশ্বরেকর্ড গড়া দেশীয় ‘মহাকামান’, সেনার হাতে আসছে নতুন শক্তি!

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের এক অভাবনীয় ও যুগান্তকারী পদক্ষপ। ভারতীয় সশস্ত্র বাহিনীর দূরপাল্লার কামানের সক্ষমতা বহুগুণ বাড়াতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৫৫ মিমি/৫২-ক্যালিবার ‘অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম’ (ATAGS)-কে ব্যাপক বা গণ-উৎপাদনের (Mass Production) জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, ২০২৮ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যেই এই অত্যাধুনিক হাউইটজার কামানের প্রথম ব্যাচ ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বিশ্বরেকর্ড গড়া দূরপাল্লার আঘাত

পোখরানের রুক্ষ মরুভূমিতে চরম সফলতার সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে এই মেগা কামান। সাধারণ ব্যবহারে এই আর্টিলারি গানটি ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটি নিমিষে ছারখার করে দিতে পারে। তবে ১৫৫ মিমি/৫২-ক্যালিবার সেল ব্যবহার করে এটি সর্বোচ্চ ৪৮.০৭ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনে বিশ্বরেকর্ড গড়েছে, যা বিশ্বের যেকোনো আধুনিক কামানের ক্ষেত্রে এক বিরল কৃতিত্ব।

৬,৯০০ কোটির মেগা চুক্তি ও টাটা-ভারত ফোর্জের যৌথ উদ্যোগ

রিপোর্ট অনুযায়ী, এই বিশাল প্রকল্পের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে, যখন দেশের প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ৬,৯০০ কোটি টাকার এক ঐতিহাসিক চুক্তিতে অনুমোদন দেয়। এই চুক্তির আওতায় ৩০৭টি ATAGS কামান এবং সেগুলিকে দুর্গম পার্বত্য এলাকায় দ্রুত স্থানান্তরের জন্য বিশেষায়িত ‘৬x৬ টোয়িং যান’ তৈরি করা হবে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর নকশায় তৈরি এই শক্তিশালী অস্ত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের দুটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা—ভারত ফোর্জ (Bharat Forge) এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL)-কে। চুক্তির শর্তানুসারে মোট অর্ডারের ৬০ শতাংশ (১৮৪টি) উৎপাদন করবে ভারত ফোর্জ এবং বাকি ৪০ শতাংশ নির্মাণ করবে টাটা। ২০২৮ সালে সরবরাহ শুরুর পর পরবর্তী চার বছর ধরে পর্যায়ক্রমে এই কামানগুলি সেনার হাতে তুলে দেওয়া হবে।

কেন ৩০৭টি কামানের সীমাবদ্ধতা?

কৌশলগত দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য মোট ১,৪০০ থেকে ১,৫০০টি ‘টোড আর্টিলারি’ কামানের প্রয়োজন থাকলেও প্রাথমিক পর্যায়ে এই সংগ্রহের সংখ্যা ৩০৭টিতে সীমাবদ্ধ রাখা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কামানের কার্যক্ষমতার ওপর নির্ভর করে নয়, বরং ভারতীয় সেনার লজিস্টিকস বা রসদ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তির সঙ্গে জওয়ানদের প্রশিক্ষণ ও মোতায়েন সংক্রান্ত পরিকাঠামোগত ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কামানের আধুনিকায়ন ও সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *