মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে যা বলল ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক ল ফার্মের পাঠানো ইমেইলের মাধ্যমে এই আবেদন জানানো হয়।
এই আবেদনের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চিঠির সত্যতা এবং এর আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন বলে শুনেছি। তবে এর সত্যতা ও আইনি ভিত্তি কতটুকু, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতেই অবস্থান করছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বর মাসে তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন।