পাসপোর্ট নেই, দেশে ফিরিয়ে সাজা কার্যকর করতে চায় ঢাকা! শেখ হাসিনাকে নিয়ে বড় বার্তা তারেক সরকারের

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিল সে দেশের নতুন সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অত্যন্ত কড়া ভাষায় জানান, বাংলাদেশ কখনোই কোনো সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। ঢাকা এখন প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় সাজা কার্যকর করতে বদ্ধপরিকর।
অন্য দিকে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বা এই সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এহেন বিষয়ে একমাত্র বাংলাদেশের হাইকমিশন কিংবা সে দেশের বিদেশ মন্ত্রকই তাদের নিজস্ব অবস্থান পরিষ্কার করতে সক্ষম।
তবে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টিতে ভারতের দীর্ঘদিনের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, “প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং এটি যথাযথ আইনি নিয়ম ও চুক্তি মেনেই সম্পন্ন করা হবে।” দুই দেশের এই কূটনৈতিক অবস্থানে এখন রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।