দুর্গাপুজোকেও ছাপিয়ে গেল সংখ্যা! কাল থেকেই কালী প্রতিমা বিসর্জন, গঙ্গা ও পুকুর ঘাটে কী বিরাট চমক কলকাতা পুরনিগমের?

দুর্গাপুজোর আমেজ মিটতে না মিটতেই শহরের বুকজুড়ে শুরু হয়ে গেছে কালীপুজোর মেজাজ। তবে আনন্দের পাশাপাশি এবার প্রতিমা বিসর্জন পর্ব সুচারু ও পরিবেশবান্ধব উপায়ে সম্পন্ন করতে কোমোর বেঁধে ময়দানে নেমে পড়েছে কলকাতা পুরনিগম (KMC)। দুর্গাপুজোর তুলনায় শহরে কালীপুজোর সংখ্যা বহুগুণ বেশি। তাই গঙ্গার দূষণ রোধ করা থেকে শুরু করে জননিরাপত্তা সুনিশ্চিত করা—সমস্ত দিক মাথায় রেখে উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে মোট ৩৩টি ঘাটকে বিসর্জনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

গঙ্গা থেকে পুকুর: প্রস্তুত শহরের ৩৩টি বিশেষ ঘাট

কলকাতা পুরনিগম সূত্রে খবর, হুগলি নদীর তীরের ২১টি প্রধান ঘাটে বিসর্জনের সবরকম বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি আদি গঙ্গার পাড়ে ৩টি ঘাট এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের মোট ৯টি বড় পুকুরকেও প্রস্তুত করা হয়েছে।

যেসব প্রধান গঙ্গার ঘাটে বিসর্জন চলবে সেগুলি হলো—বাগবাজার ঘাট, কুমোরটুলি ঘাট, মায়ের ঘাট, রতনবাবু ঘাট, সর্বমঙ্গলা ঘাট, বাজা কদমতলা ঘাট, জাজেস ঘাট, দই ঘাট ও বিছালী ঘাট। আদি গঙ্গার রামরিক ঘাট, মুখার্জি ঘাট ও বলরাম বোস ঘাটেও থাকবে কড়া নজরদারি। এছাড়া ৯৩ নম্বর ওয়ার্ডের পোদ্দার পুকুর, ৯৬ নম্বর ওয়ার্ডের লায়েলকা পুকুর, ৯৮ নম্বর ওয়ার্ডের রানিরদিঘি এবং ১১৪ নম্বর ওয়ার্ডের ৬টি পুকুরে ভাসানের সুব্যবস্থা করা হয়েছে।

ক্রেন-জেসিবি দিয়ে জলমুক্ত হবে প্রতিমা, সোজা যাবে ধাপায়

গঙ্গাকে দূষণমুক্ত রাখতে এবারও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভারী ক্রেন ও জেসিবির (JCB) সাহায্যে জল থেকে কাঠামো তুলে নেওয়া হবে। এরপর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বড় ড্যাম্পারে চাপিয়ে সেই পরিকাঠামো সোজা পাঠিয়ে দেওয়া হবে ধাপা ল্যান্ডফিল গ্রাউন্ডে।

বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় সামলাতে সিঁড়ি ও ঘাট চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নির্দিষ্ট সংখ্যায় পুজো কমিটির সদস্যদেরই কেবল ঘাটের ভেতরের অংশে ঢোকার অনুমতি দেওয়া হবে। ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য প্রতিটি ঘাটে আলাদা ডাস্টবিন রাখা হয়েছে, যাতে গঙ্গার জল বা ঘাট নোংরা না হয়।

প্রতিটি ঘাটে উচ্চপদস্থ আধিকারিক, বায়ো-টয়লেট ও অ্যাম্বুল্যান্স

বিসর্জন পর্ব সুচারুভাবে চালনা করতে প্রতিটি ঘাটের দায়িত্বে থাকছেন পুরনিগমের এক জন করে উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও পার্ক অ্যান্ড স্কোয়্যার টিম, সাফাই বিভাগ এবং আলোক বিভাগের কর্মীরা ২৪ ঘণ্টা ডিউটিতে থাকবেন। জরুরি চিকিৎসাসেবার জন্য প্রতি ঘাটে থাকছে চিকিৎসাকর্মী, ফার্স্ট এইড ও সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে প্রতিটি ঘাটে বসানো হয়েছে পর্যাপ্ত বায়ো-টয়লেট।

কলকাতা পুরনিগমের এক শীর্ষ আধিকারিক জানান, “দুর্গাপুজোর বিসর্জন আমরা অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি। কিন্তু শহরের কালীপুজোর সংখ্যা ও মানুষের সমাগম দুর্গাপুজোর চেয়েও অনেক বেশি হয়। গঙ্গার ভারসাম্য রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, আলো, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসুরক্ষার ওপর আমরা সর্বাধিক জোর দিয়েছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *