পুলিশের গতিবিধির খবর কি পৌঁছে যেত বিধায়কের কাছে? পরেশরামকে নিয়ে জাঁতাকলে আইবি-র ভলান্টিয়ার!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার মধ্যেই এবার তদন্তে এল নতুন ও চাঞ্চল্যকর মোড়। ধৃত বিধায়কের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং একসঙ্গে ছ’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, বিমানবন্দর থেকেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)-এর এক সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ, ওই সিভিক ভলান্টিয়ারই পুলিশের গতিবিধি ও তদন্তের গোপন খবর বিধায়কের কাছে পাচার করতেন।

গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল। মুম্বই পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমান ধরতে বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারি প্রক্রিয়ার সময় বিধায়কের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র তল্লাশি চালাতেই তদন্তকারীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ টাকা এবং মোট ছ’টি মোবাইল ফোন। পুলিশ সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

একজন জনপ্রতিনিধির কাছে একসঙ্গে ছ’টি মোবাইল ফোন এবং নগদ ২ লক্ষ টাকা কেন ছিল, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ফোনগুলির কল রেকর্ড (Call Record), চ্যাট হিস্ট্রি এবং যোগাযোগের তালিকা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কোন কোন ফোনের মাধ্যমে বিধায়ক কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া উদ্ধার হওয়া নগদ টাকার উৎস কী এবং এই অপরাধমূলক মামলার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও চলছে জোরদার জিজ্ঞাসাবাদ।

তদন্তে সবথেকে বড় প্রশ্ন উঠেছে— পুলিশ বা আইনের হাত থেকে এতদিন কীভাবে পালিয়ে বেড়াচ্ছিলেন পরেশরাম? সূত্রের খবর, বিমানবন্দর থেকে পরেশরামের সঙ্গেই এক সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে (IB) কর্মরত ছিলেন এবং তাঁর পোস্টিং ছিল ক্যানিংয়েই। পুলিশের প্রাথমিক অনুমান, পরেশরামের বিরুদ্ধে চলা তদন্তের অগ্রগতি, পুলিশ কখন কোথায় তল্লাশি চালাবে— সেই সমস্ত গোপন খবর বা ইনপুট ওই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমেই পেতেন বিধায়ক। বিধায়কের সঙ্গে ওই ভলান্টিয়ারের যোগাযোগের আসল সূত্র ঠিক কী ছিল, তা জানতেই তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, ধর্ষণ, তোলাবাজি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত পরেশরাম দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ১৭ দিন ধরে পুলিশ তাঁর নাগাল পাওয়ার চেষ্টা করছিল। অবশেষে বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করার পর এবার এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা বের করতে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *