“আগামী ১০০ বছরেও ফিরবে না তৃণমূল!” নন্দীগ্রামের মঞ্চ থেকে মমতাকে বিধ্বংসী আক্রমণ শুভেন্দুর

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আজ প্রথম ১০ নভেম্বর। ঐতিহাসিক নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন নন্দীগ্রামের বিশেষ স্মারক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ ছান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কালীঘাট এলাকায় তৈরি হওয়া অশান্তি প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ওনারা দুজন এখন পাড়া থেকেই বেরোতে পারছেন না। তাই নিজেদের পাড়ার মধ্যেই এই সব অশান্তি সৃষ্টি করছেন।” এই রাজনৈতিক নাটকের কারণে পটুয়াটুলির পটুয়া শিল্পীরা কাজ করতে পারছেন না এবং চরম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন বলেও দাবি করেন তিনি।

হলফনামায় তথ্য গোপনের গুরুতর অভিযোগ:

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানায় রেখে শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “উনি নির্বাচনে অনেক তথ্য গোপন করেছেন। আইনি নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্য গোপন করা সম্পূর্ণ বেআইনি। যে অফিসার সেই তথ্য গোপন করা হলফনামা খতিয়ে না দেখে পাশ করিয়েছেন, তাঁকেও গ্রেফতার করা হবে।”

ক্যানিংয়ের গ্রেফতার হওয়া বিধায়ক প্রসঙ্গে তোপ:

গতকালই বিমানবন্দর থেকে ক্যানিং পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে পুলিশ গ্রেফতার করেছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “পরেশরাম দাস এলাকার এক নম্বর গুন্ডা এবং চিহ্নিত জমি মাফিয়া। সরকারি জমি গায়ের জোরে দখল করে সে বৃদ্ধাশ্রম তৈরি করেছিল। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট একাধিক অপরাধের লিখিত অভিযোগ রয়েছে পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে।”

“১০০ বছরেও ফিরবে না চোর তৃণমূল”:

এদিন নন্দীগ্রামের মঞ্চ থেকে শহীদদের স্মরণ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম (CPIM)-কে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। গত বছরের স্মৃতি মনে করিয়ে তিনি বলেন, “গত বছর এই নন্দীগ্রামের মাটি থেকেই বলেছিলাম, ২০২৬ সালে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসব কিন্তু চোর তৃণমূলকে আপনারা আর পাবেন না। আজ মিলিয়ে নিন, সেই কথা সত্য হয়েছে কি না! আজ আবার বলে যাচ্ছি, আগামী ১০০ বছরেও এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরবে না। ওদের নাম ও নিশান বাংলা থেকে চিরতরে মুছে গিয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *