“দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখতেন!” ইন্দিরা গান্ধীর ভয়ে কাঁপতেন সনিয়া?

কতটা রাশভারী ও কড়া স্বভাবের মানুষ ছিলেন তাঁর শাশুড়ি মা, তা নিয়ে নিজের নতুন স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ অকপটে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ইন্দিরা গান্ধী তো কেবল তাঁর শাশুড়িই ছিলেন না, ছিলেন দেশের একসময়ের লৌহমানবী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই দুঁদে রাজনীতিবিদের সঙ্গে তাঁর ছেলের বউয়ের সম্পর্ক কেমন ছিল এবং তাঁকে কতটা ভয় পেতেন সনিয়া, তার বহু অজানা গল্প এই বইটিতে তুলে ধরা হয়েছে।

হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত ৫৪৪ পাতার এই স্মৃতিকথায় যুদ্ধোত্তর ইতালিতে সনিয়ার শৈশব, নেহরু-গান্ধী পরিবারে তাঁর প্রবেশ, স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে তাঁর রাজনীতিতে পা রাখার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

কর্মীদের ঘরের কোণে দাঁড় করিয়ে রাখতেন ইন্দিরা!

গান্ধী পরিবারের বউ হিসেবে প্রথম বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সনিয়া লিখেছেন, শাশুড়ি ইন্দিরা গান্ধীর মাঝে মাঝে চরম রাগের বিস্ফোরণ ঘটত, যা তাঁকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলত। তাঁর রাগের ভয়ে বাড়ির কর্মীরাও কার্যত অসাড় হয়ে যেতেন।

একটি ঘটনার কথা উল্লেখ করে সনিয়া লিখেছেন, একবার এক কর্মী গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্টের কথা ইন্দিরাকে মনে করিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। এর আগেও এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ ইন্দিরা ওই কর্মীকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রেখেছিলেন। অন্যরা তখন পাশ দিয়ে যাতায়াত করলেও ভয়ে কেউ কিছু বলতে পারেননি। আরও একটি ঘটনার কথা জানিয়ে সনিয়া লিখেছেন, এক প্রবীণ কংগ্রেস নেতাকে একইভাবে ঘরের কোণে দেওয়ালের দিকে মুখ করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি। পরে জানতে পেরেছিলেন, ইন্দিরা গান্ধীর নির্দেশেই তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছিল।

ডাইনিং টেবিলে থালা সরিয়ে রাগ দেখাতেন!

শাশুড়ির রাগের ধরন নিয়ে সনিয়া লিখেছেন, কখনও কোনও ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হলে ইন্দিরা তাঁর সঙ্গে কথা বলাই একেবারে বন্ধ করে দিতেন। দিনের পর দিন ওই ব্যক্তিকে উপেক্ষা করে চলতেন। এমনকি সংসদের কোনো অপ্রীতিকর ঘটনার পর রাতের খাবার টেবিলেও সেই রাগ প্রকাশ পেত। একরাশ ক্ষোভে লম্বা ডাইনিং টেবিলের অন্য প্রান্তে নিজের থালা সরিয়ে নিয়ে যেতেন ইন্দিরা।

সনিয়ার কথায়, “আমার বাবারও রাগের এমন বহিঃপ্রকাশ ছিল। ফলে ইন্দিরার রাগ দেখলে আমি ভয় পেয়ে যেতাম এবং অস্থির বোধ করতাম। রাজীব ও সঞ্জয় চুপচাপ অপেক্ষা করতেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। রাজীব আমাকে আশ্বস্ত করে বলত, ‘নিজেকে এত ভয় পাইয়ে দিও না, মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।’ তবে ইন্দিরাকে ভালোভাবে চিনে ওঠার আগে পর্যন্ত আমি ভয়ে কুঁকড়ে থাকতাম।” সনিয়া আরও জানান, কেউ বিশ্বাসভঙ্গ করলে তাঁকে আর ক্ষমা করতেন না ইন্দিরা। তবে সাধারণ রাগের ক্ষেত্রে পরে তিনি নিজেই অনুতপ্ত হতেন।

রাগ কমানোর ঘরোয়া উপায় ও নাতি-নাতনিদের প্রভাব:

ইন্দিরা গান্ধীর রাগ ও মানসিক অস্থিরতা কমানোর জন্য ঘরোয়া নানা অভ্যাসের কথাও বইটিতে লিখেছেন সনিয়া। মন খারাপ বা অস্বস্তি কাটাতে ইন্দিরা তাঁর সহকর্মী অ্যামি কৃষ্ণাকে পুরনো ছবির বাক্স নিয়ে আসতে বলতেন এবং ছবিগুলো তারিখ অনুযায়ী সাজাতেন। কখনও আবার নিজের শাড়িগুলো বের করে পরপর সাজিয়ে তাতে ট্যাগ লাগিয়ে রাখতেন, যাতে প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়। কাশ্মীরি শাল ও মায়ের ব্যবহৃত পুরনো শাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল।

তবে সনিয়ার মতে, পরবর্তী সময়ে ঠাকুমা হওয়ার পর ইন্দিরার এই ধরনের উত্তেজনা ও রাগের মুহূর্ত অনেকটাই কমে গিয়েছিল। নাতি-নাতনিরা বড় হওয়ার পর তাঁদের মাধ্যমেই দিদিমার মেজাজ বোঝার চেষ্টা করা হতো। নাতি-নাতনিদের মুখের একটুকরো হাসি কিংবা নিষ্পাপ কোনো প্রশ্ন শুনলেই নিমেষে গলে যেতেন ইন্দিরা। রাজনৈতিক জীবনের সেই কঠোর ব্যক্তিত্বের আড়ালে থাকা এক অন্য মানুষটির পরিচয়ই ফুটে উঠেছে সনিয়া গান্ধীর এই স্মৃতিকথায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *