চিনা সুন্দরীর প্রেমের ফাঁদে এনভিডিয়া সিইও! ৭.৮ লক্ষ কোটির খেসারতে ইতিহাস ছোঁবে বিশ্বের মহারঘ্য বিবাহবিচ্ছেদ?

আমেরিকান প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া-র (Nvidia) সিইও জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) ব্যক্তিগত জীবনকে ঘিরে এই মুহূর্তে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে অভিযুক্ত এক রহস্যময়ী নারীর সঙ্গে অনৈতিক প্রেমের সম্পর্ক ও স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার পর থেকেই এনভিডিয়া প্রধানের সংসার ভাঙনের জল্পনা তুঙ্গে পৌঁছেছে। টেক দুনিয়ার অন্দরে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে জেনসেন হুয়াং ও তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের (Lori Huang) সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে। ১৫ কোটি ডলারেরও বেশি বিশাল সম্পদের মালিক জেনসেনের যদি শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে, তবে ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী তাঁকে নিজের অর্ধেক সম্পত্তি হারাতে হতে পারে। সে ক্ষেত্রে লরিকে প্রায় ৮১.১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৮ লক্ষ কোটি টাকা) দিতে হতে পারে, যা রূপ নিতে পারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের সমঝোতায়।

সারা ফেলে দেওয়া এই ঘটনার সূচনা হয় যখন সিঙ্গাপুরের মেগাস্পিড ইন্টারন্যাশনাল সংস্থার সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াং নামের এক মহিলার সঙ্গে জেনসেনের সম্পর্কের কথা সামনে আসে। ওই মহিলার বিরুদ্ধে চিনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই (FBI) তদন্ত শুরু করেছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই মহিলা চিনের স্পাই হিসেবে কাজ করছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও জেনসেন হয়তো এই চক্রান্তের বিষয়ে অবগত ছিলেন না। অন্যদিকে, চিনা বিদেশ মন্ত্রক সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও চিনের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছে। এরই মাঝে কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের ভুলের কথা স্বীকার করে জেনসেন জানান, “আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার আচরণে আমার পরিবার ও সন্তানরা গভীরভাবে আঘাত পেয়েছে।”

১৯৮৫ সালে লরি মিলসকে বিয়ে করার ৮ বছর পর, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন। যেহেতু সংস্থার সদর দফতর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, তাই সেখানকার ‘কমিউনিটি প্রপার্টি’ আইন অনুযায়ী বিয়ের পর অর্জিত সমস্ত সম্পত্তি স্বামী-স্ত্রীর মধ্যে সমান ভাগে ভাগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই ৮১.১ বিলিয়ন ডলারের এই সমঝোতা বাস্তবায়িত হয়, তবে তা ২০১৯ সালে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের ৩৫.৬ বিলিয়ন ডলারের বিচ্ছেদ কিংবা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদকেও ছাপিয়ে এক নতুন রেকর্ড গড়বে। এর ফলে এনভিডিয়া-র শেয়ারহোল্ডিং কাঠামোতেও বড়সড় পরিবর্তনের আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *