দীপাবলির রাতে নারকীয় তাণ্ডব! বাজির আগুনের গ্রাসে বলিউডের তরুণ অভিনেতার ঘরবাড়ির করুণ অবস্থা

সম্প্রতি সোশাল মিডিয়ায় রটে গিয়েছিল যে জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের বাড়িতে নাকি ভয়াবহ আগুন লেগেছে। তবে সেই খবরটি নিছকই রটনা ও ভুয়ো প্রমাণিত হয়েছিল। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বলিউডে ঘটে গেল এক সত্যি রমহর্ষক ও শিউরে ওঠার মতো দুর্ঘটনা। দীপাবলির আলোর উৎসবের রাতেই অগ্নিকাণ্ডের কবলে পড়ল এক জনপ্রিয় উদীয়মান বলিউড তারকার মুম্বইয়ের আবাসন। বাজির মারাত্মক আগুনের শিখা ছড়িয়ে পড়ে মুহূর্তে ছাই হয়ে গেল তাঁর সাধের ঘর ও বারান্দা। দুর্ঘটনার পরই সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সেই অভিনেতা।

ভয়াবহ এই ঘটনার শিকার হয়েছেন ‘লাস্ট স্টোরিজ ৩’ খ্যাত পরিচিত অভিনেতা গুরফতেহ পীরজাদা (Gurfateh Pirzada)। জানা গিয়েছে, দীপাবলির রাতে মুম্বইতে চারিদিকে যখন দেদার বাজি ফাটানো হচ্ছিল, ঠিক তখনই রকেটের মতো কোনো বাজি উসে এসে পড়ে গুরফতেহের বহুতলের বারান্দায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে ঘরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিজের পুড়ে যাওয়া বারান্দা ও ঘরের কঙ্কালসার চেহারার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বারান্দা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই চরম বিপর্যয়ের পর শহরজুড়ে বেপরোয়া বাজি ফাটানো নিয়ে মারাত্মক ক্ষোভ উগরে দিয়েছেন গুরফতেহ। একদিকে যেমন বাতাসের গুণগত মান আশঙ্কাজনকভাবে খারাপ হচ্ছে, অন্যদিকে কীভাবে মানুষের এমন বেপরোয়া মনোভাবের কারণে প্রাণঘাতী বিপদ ডেকে আনা হচ্ছে, তা তুলে ধরেন তিনি। অসচেতনভাবে বাজি ফাটানোর ভয়ংকর পরিণতি দেখিয়ে তিনি বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এবং মুম্বই পুলিশকে ট্যাগ করে আইনি পদক্ষেপ ও নজরদারির দাবি জানান।

ইনস্টাগ্রামে নিজের পোড়া বাড়ির ছবি পোস্ট করে গুরফতেহ লেখেন, “সাধারণ মানুষের চরম নির্বুদ্ধিতা দেখে আমি স্তব্ধ ও স্তম্ভিত! বেপরোয়া বাজির আগুন আমার গোটা বারান্দাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, প্রায় পুরো ঘরটাই ধ্বংস হয়ে গিয়েছে। গোটা শহরটা যেন আজ দাউদাউ করে জ্বলছে এবং একটা বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।”

যদিও নিজের এই আবেগময় পোস্টে ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে বা দুর্ঘটনাস্থলে উপস্থিত কেউ শারীরিক আঘাত পেয়েছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে এই ঘটনা মুম্বইয়ের নিরাপত্তার ওপর বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ২০১৮ সালে ‘ফ্রেন্ডস ইন ল’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন গুরফতেহ। পরবর্তীতে নেটফ্লিক্সের ‘গিলটি’, ‘ক্লাস’ এবং প্রাইম ভিডিওর ‘কল মি বে’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ঐতিহাসিক সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ বাঘা যতীনের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তাঁকে শেষবার দেখা গিয়েছে বহুল চর্চিত ‘লাস্ট স্টোরিজ ৩’ প্রজেক্টে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *