৪০-এর দশকের ‘শক্তিমান’ এবার ক্ষেপে আগুন! রণবীরের ‘রামায়ণ’ দেখে কী বললেন মুকেশ খান্না?

সদ্যই বড়পর্দায় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’। বক্স অফিসে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রার এই বিগ বাজেট প্রোডাকশনে রাম ও সীতার চরিত্রে রণবীর কাপুর এবং সাই পল্লবীর অভিনয় দেখে মুগ্ধ বহু দর্শক। কিন্তু ছবিটির দুর্দান্ত সাফল্যের মাঝেই এবার শুরু হলো চরম বিতর্ক। পর্দার আইকনিক ‘শক্তিমান’ তথা প্রবীণ অভিনেতা মুকেশ খান্না ছবিটিতে সীতার চরিত্রায়ণ দেখে অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত প্রকাশ করেছেন।

মুকেশ খান্নার মূল আপত্তি ছবিটিতে দেবী সীতার একটি বিশেষ দৃশ্য নিয়ে, যেখানে সাই পল্লবীকে পুরোদস্তুর অ্যাকশন করতে দেখা গিয়েছে। এই দৃশ্যটি দেখে চরম আশাহত প্রবীণ এই অভিনেতা নমিত মালহোত্রার কাছে লিখিত ব্যাখ্যা দাবি করেছেন। নিজের সাম্প্রতিক ব্লগে কঠোর ভাষায় ক্ষোভ উগরে দিয়ে মুকেশ খান্না লিখেছেন, “রামায়ণ ছবিটি মুক্তি পাওয়ার পর সারা দেশে হইচই পড়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, দেশের মানুষ চর্চা করছে ছবিটির বাজেট ৪০০ কোটি নাকি ৪০০০ কোটি টাকা, এবং সেই টাকা কীভাবে উঠবে তাই নিয়ে। কিন্তু মূল বিষয়ে কেউ আলোচনা করছে না। আমাদের দুই পবিত্র মহাকাব্য—রামায়ণ ও মহাভারত নিয়ে যথেচ্ছ কাটাছেঁড়া করা, নিজেদের কল্পনা যোগ করা কি সত্যিই খুব জরুরি?”

তিনি আরও যোগ করেন, “ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের মতো দেবী সীতা হাতাহাতি লড়াই করছেন! আজকালকার অভিনেত্রীকে পর্দায় দেখাতে গেলেই কি তাঁকে মাচো হতে হবে? আমি বাল্মীকির লেখা রামায়ণ পড়েছি। সেখানে কোথাও উল্লেখ নেই যে সীতা যুদ্ধ করেছিলেন। তিনি মর্যাদা পুরুষোত্তমের আদর্শ স্ত্রী ছিলেন, যিনি নিজের জীবন স্বামীর সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি যোদ্ধা ছিলেন না; যদি যোদ্ধা হতেন, তবে লঙ্কায় রাবণের সঙ্গেই যুদ্ধ করতেন।”

প্রযোজকদের যুক্তির কড়া সমালোচনা করে মুকেশ খান্না চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যখন শুনলাম নির্মাতারা দাবি করছেন এই দৃশ্যটি নাকি ‘অদ্ভুত রামায়ণ’ থেকে নেওয়া হয়েছে, আমি স্তম্ভিত হয়ে গেলাম। এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও কাটাছেঁড়া করার সাহস অন্য কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থ নিয়ে দেখান তো দেখি? আপনারা কি কোরান বা বাইবেলের মূল বিষয়বস্তু বদলে দেওয়ার সাহস দেখাতে পারবেন? যদি না পারেন, তবে আমাদের গীতা ও রামায়ণকে নিয়ে এই দুঃসাহস দেখানোর সাহস পান কোত্থেকে? আপনাদের লজ্জা পাওয়া উচিত।”

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসা এই ছবিতে রণবীর ও সাই পল্লবীর পাশাপাশি যশ, সানি দেওল, রবি দুবে, রকুলপ্রীত সিং এবং কাজল আগরওয়াল অভিনয়ে নজর কেড়েছেন। তবে মুকেশ খান্নার এই বিস্ফোরক মন্তব্যের পর এখনও পর্যন্ত ছবির পরিচালক বা প্রযোজকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *